পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলার আরও চারজন পলাতক আসামি গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করেন। জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন। এ মামলায় অভিযোগ শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৩ অক্টোবর।দ্রুত বিচার আইনে করা মামলার ৩১ আসামির মধ্যে এই নিয়ে ২৫ জন আত্মসমর্পণ করলেন। এ ছাড়া চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। এখনো পলাতক রয়েছেন দুই আসামি। তাঁরা হলেন ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন ও ফিরোজ হোসেন।এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলার আসামিরা গত মঙ্গলবার জামিন পান। তাঁদের মধ্যে যুবলীগের কর্মী মো. আলাল ও মো. দুলাল মঙ্গলবার রাতে মুক্তি পেয়েছেন। অন্য আসামিরা দ্রুত বিচার আইনের মামলায় জেলহাজতে রয়েছেন।আদালত সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইনের মামলার অভিযোগ শুনানি উপলক্ষে জেলহাজতে থাকা ২৫ জন আসামিকে গতকাল বেলা ১১টায় আদালতে হাজির করা হয়। এ সময় মামলার পলাতক আসামি সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম এ সজীব, শহীদ আমিন উদ্দিন আইন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল বিশ্বাস, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক হাসান হাবিবুর রহমান ও সদর থানা যুবলীগের সদস্য আসাদুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেন। এই ২৯ জন আসামির জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার তিন ঘণ্টা মামলার নথি পর্যালোচনা শেষে বিকেল সাড়ে তিনটায় আসামিদের জামিন নামঞ্জুর করেন। সেই সঙ্গে পলাতক দুই আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। ১৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুল হয়। এদিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।