আরও চারজনের মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে এই রোগে (গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত) মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়াল। তবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।হাতীবান্ধায় গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিপাহ ভাইরাসের কারণে এনকেফালাইটিস রোগ ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, সর্বশেষ মৃত চারজন হলেন: হাতীবান্ধা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মুক্তি রানীর ছেলে সুদীপ্ত রায় (১০), দক্ষিণ গড্ডিমারী গ্রামের মো. জয়নাল (৪২), টংভাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম (১৭) ও বাড়াইপাড়া গ্রামের বাচ্চু মিয়া (৪৫)। সুদীপ্ত রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যায়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকালে মারা যান জয়নাল। গত বৃহস্পতিবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল মৃত্যুবরণ করেন। আর বাচ্চুু মিয়া বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কুমার বর্মণ গতকাল জানান, এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, গত চার দিনে এ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত চার দিনে (শুক্রবার রাত নয়টা পর্যন্ত) ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।উপজেলার বিভিন্ন গ্রামে এনকেফালাইটিসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় স্কুলশিক্ষক স্বপন কুমার দে বলেন, ‘যেভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে আমরা আতঙ্কিত।’ পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন: ঢাকা থেকে আসা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুবোধ কুমার কুণ্ডু হাতীবান্ধায় এক বেসরকারি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, নিপাহ ভাইরাসের কারণে এনকেফালাইটিস রোগ ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত ও রোগীদের রক্ত-কফ পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। যোগাযোগ করা হলে সুবোধ কুমার বলেন, সচেতনতামূলক যে স্বাস্থ্যবার্তা দেওয়া হয়েছে তা যথাযথভাবে মেনে চললে উপকার পাওয়া যাবে। তিনি আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে পরামর্শ অনুযায়ী কাজ করতে বলেন। লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, স্বাস্থ্যকর্মীরা তৎপর আছেন। হাতীবান্ধায় ১২টি বিশেষ মেডিকেল টিম মাঠপর্যায়ে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: হাতীবান্ধা ইউএনওর কার্যালয়ে গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির জরুরি সভায় জনস্বার্থে আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান জানান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের পরামর্শে জরুরি সভা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর হাতীবান্ধা উপজেলার সব মসজিদে আক্রান্ত ব্যক্তিদের রোগমুক্তি এবং মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মসজিদের ইমামরা স্বাস্থ্যবার্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। রংপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গুড্ডিমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের সন্তান জুঁই (৫) ও স্মরণী (৩) এবং একই এলাকার কুলসুম (১৬), রমজান (৩৭), সাদেকুল (২২), মাহবুুব হোসেন (১৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, আক্রান্তদের এনকেফালাইটিস রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জন্য জরুরি বিভাগে পৃথক একটি ওয়ার্ড করা হয়েছে।