আরও জন-গণমুখী করতে ঢাকা ভাগ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আরও জনমুখী ও গণমুখী করার জন্য ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেইনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, মানুষের বিপদে সবার আগে ফায়ার সার্ভিসের কর্মীরাই সাড়া দেন। কিন্তু এত দিন তাঁদের যথাযোগ্য কাজের পরিবেশ ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁদের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে, ঝুঁকি ভাতা দেওয়া হচ্ছে, প্রতি উপজেলায় ফায়ার স্টেশন তৈরির সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার।বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যখন যা প্রয়োজন প্রধানমন্ত্রী তা-ই করেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণসহ যেসব আশ্বাস দিয়েছিলেন সেগুলো তিনি এখন করছেন।’ তিনি আরও বলেন, ‘কোনো কূটবুদ্ধি বাস্তবায়নের চিন্তা না করে সুচিন্তা-সুবুদ্ধি নিয়ে আসুন আমরা ঢাকাকে উন্নত দেশের শহরগুলোর মতো করে গড়ে তুলি।’উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা অগ্নিনির্বাপণ, উদ্ধার তত্পরতার মহড়া প্রদর্শন করে। সেখানে অগ্নিনির্বাপণে ব্যবহূত যন্ত্রপাতি, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।