মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই পাঁচ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। সরকার গঠনের পর আরও গতিহীন হয়ে পড়েছে দলটি। সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন নেতা-কর্মীরা।২০০৩ সালে মানিকগঞ্জ টাউন হলে আয়োজিত জেলা কমিটির সম্মেলনে কাউন্সিলরদের ভোটে গোলাম মহিউদ্দিন সভাপতি এবং গাজী কামরুল হুদা সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনের বছর দেড়েক পর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়। এরপর জেলা কমিটির আর সম্মেলন হয়নি। ফলে পাঁচ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সাংগঠনিক কার্যক্রম। বিগত ছয় মাসে জেলা কমিটির কোনো সভা হয়নি। দলের একাধিক নেতা জানান, জেলা আওয়ামী লীগ এখন দুই ধারায় বিভক্ত। একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন গোলাম মহিউদ্দিন। অপর অংশের নেতৃত্বে রয়েছেন গাজী কামরুল হুদা। এ বিভক্তির কারণেই সাংগঠনিক তৎপরতা না থাকায় গত পৌরসভা নির্বাচনে সিঙ্গাইরে আওয়ামী লীগের ভরাডুবি হয়। কামরুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় সব নেতা-কর্মী কাজ করেন জেলা যুবলীগের সহসভাপতি এম এম আলমগীর হোসেনের পক্ষে। আর গোলাম মহিউদ্দিন সমর্থন জানান সিঙ্গাইরের সাবেক পৌর চেয়ারম্যান দল থেকে বহিষ্কৃত নেতা মীর শাজাহানকে। পৌর নির্বাচনে দুজনই পরাজিত হন। কোন্দলের কারণেই এ বছর ১ মে দলের মে দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তাঁর অনুসারীদের আমন্ত্রণ জানানো হয়নি।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক ঘোষ জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ভিশন-২০২১-সহ নারীনীতি ও শিক্ষানীতি বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিষ্পত্তিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে দলের কোনো কার্যক্রম নেই। গাজী কামরুল হুদার অভিযোগ, দলের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই। দল সাংসদ ও প্রশাসননির্ভর হয়ে পড়েছে। সাংগঠনিক প্রক্রিয়ায় কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। আর এর সঙ্গে যুক্ত থাকছেন দলের একটি অংশের কিছু নেতা ও সাংসদ। দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে—এ কথা মানতে রাজি নন গোলাম মহিউদ্দিন। তিনি বলেন, দল সরকার গঠন করলে সাংগঠনিক কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে। এটা অস্বাভাবিক কিছু নয়। দলে কোনো কোন্দল থাকার কথা অস্বীকার করে গোলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা অত্যন্ত ঐক্যবদ্ধভাবেই কাজ করছি, তবে ছোটখাটো ভুল-বোঝাবুঝি থাকতেই পারে। এটা দোষের কিছু নয়।’