আরও টাকার হিসাব দিলেন ওমর ফারুক
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার আজ সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংশোধিত সম্পদ বিবরণী জমা দিয়েছেন। গতকাল দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে আজকের সম্পদ বিবরণীতে অতিরিক্ত আট লাখ টাকা যোগ হয়েছে। সম্পদ বিবরণীর হিসাবে ওমর ফারুক তালুকদার জানান, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের কাছ থেকে তাঁর আট লাখ টাকার ৮০০টি শেয়ার কেনা ছিল। তিনি আজ অতিরিক্ত এই সম্পদের বিবরণী দুদকের কাছে জমা দিয়েছেন। দুদকের কমিশনার বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল রোববার দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ওমর ফারুক উল্লেখ করেন, মার্কেন্টাইল ব্যাংকে তাঁর ৯১ লাখ ৯৭ হাজার টাকা, নেত্রকোনায় ১৮ একর জমি, মোহাম্মদপুর পিসি কালচারে ১১০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও একটি টয়োটা গাড়ি রয়েছে। দুদকের কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, জমা দেওয়া হিসাবের মধ্যে মধ্যরাতে ধরা পড়া সেই ৭০ লাখ টাকার হিসাবও রয়েছে। ফারুকের ঘনিষ্ঠ সূত্র জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে ফারুক একটি হোটেলে চাকরি করতেন। সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস হওয়ার পর থেকেই তাঁর উত্থান শুরু হয়।গত ৯ এপ্রিল মধ্যরাতে ওমর ফারুকের গাড়িচালক আজম খান মাইক্রোবাস নিয়ে বিজিবির প্রধান কার্যালয় পিলখানায় ঢুকে পড়েন। তিনি গাড়িতে অনেক টাকা আছে বলে চিত্কার শুরু করেন। ওই গাড়িতে ফারুক ছাড়াও ইউসুফ আলী মৃধা ও এনামুল হক ছিলেন। পরে বিজিবি সদস্যরা তাঁদের আটক করে সকালে ছেড়ে দেন। আজম এখনো নিখোঁজ। এ ঘটনার পর পদত্যাগ করেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী।অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত ১৪ মে ওমর ফারুক, ইউসুফ মৃধা ও তাঁর স্ত্রী এবং এনামুল হক ও তাঁর স্ত্রীর সম্পত্তির হিসাব চেয়ে চিঠি পাঠায় দুদক।