আরও তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলীসহ আরও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি জনবল নিয়োগে অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রেল মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার দুজনের বিরুদ্ধে এবং মহাপরিচালক একজনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন। আরও সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন, পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান, জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আবু সাঈদ আহমেদ। তাঁদের মধ্যে প্রথম দুজনকে মন্ত্রণালয় এবং আবু সাঈদ আহমেদকে মহাপরিচালক নিজে বরখাস্ত করেন। এর আগে রেলের সাবেক জিএম ও চিফ কমান্ড্যান্ট সাময়িক বরখাস্ত হন।সূত্র জানায়, রেল মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সাবেক জিএম ইউসুফ আলী মৃধা ও চিফ কমান্ড্যান্ট আমিনুর রশিদ এবং গতকাল সাময়িক বরখাস্ত হওয়া তিনজনসহ মোট পাঁচজনকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল তিনজনের বিরুদ্ধে এবং এর আগে ইউসুফ আলী মৃধা ও আমিনুর রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৭ জুন মন্ত্রণালয়ের গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন রেলপথসচিবের কাছে জমা দেয়। এর আগে রেলের গঠিত তদন্ত কমিটি সাতজনকে প্রধান অভিযুক্ত চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছিল।রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের এ প্রসঙ্গে বলেন, ‘তদন্ত কমিটি পাঁচজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছে। এর ভিত্তিতে মন্ত্রণালয় দুজনকে এবং আমি একজনকে সাময়িক বরখাস্ত করেছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হবে। এরপর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’রেলের গঠিত কমিটি তদন্ত প্রতিবেদনে অনিয়মের জন্য হাফিজুরকে দুটি ক্যাটাগরির নিয়োগে সরাসরি এবং সাতটিতে আংশিক, কিবরিয়াকে ১১টি ক্যাটারিতে এবং সাঈদকে একটি করে ক্যাটাগরির নিয়োগে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। কমিটি মৃধাকে ২৫টি ক্যাটাগরির নিয়োগে অনিয়মের জন্য দায়ী করে। ঢাকায় মধ্যরাতের ৭০ লাখ টাকা কেলেঙ্কারির সময় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের সঙ্গে ছিলেন এই মৃধা। এর পরই রেলে নিয়োগসংক্রান্ত জালিয়াতির খবর ফাঁস হয়।