পোশাকশ্রমিক বিউটি হত্যাকাণ্ডে ভারটেক্স ফ্যাশন লিমিটেডের আরও তিন কর্মী জড়িত বলে সন্দেহ করছেন তাঁর মা-বাবা। গতকাল শনিবার প্রধানমন্ত্রী বিউটির পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।গত শুক্রবার সকালে মিরপুর ১ নম্বরে ভারটেক্স ফ্যাশন লিমিটেডের কর্মী কামরুন্নাহার বিউটি কারখানার আটতলার ছাদ থেকে পড়ে মারা যান। ওই দিন বিউটির বাবা আবুল কালাম হত্যার অভিযোগ এনে কারখানার ফ্লোর ইনচার্জ ঝরনা বেগমসহ পাঁচ কর্মকর্তাকে আসামি করে মামলা করেন। ঝরনাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গতকাল মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে।মিরপুর থানার পুলিশ ঝরনাকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম জানান, এজাহারভুক্ত চার আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বিউটির বাবা আবুল কালাম প্রথম আলোকে বলেন, তিনি বিউটির সহকর্মীদের কাছে শুনেছেন, শুক্রবার কারখানার ভেতর তাঁর মেয়েকে মারধর করে হত্যা করা হয়। এরপর এজাহারভুক্ত আসামিদের সঙ্গে কারখানার লাইনপ্রধান জাকির হোসেন, আয়া রোকেয়া বেগম ও রেণু বেগম মিলে বিউটির লাশ গুম করতে কার্টনে ঢুকিয়েছিলেন। গতকাল সকালে তিনি মিরপুর থানায় এই তিনজনের নাম লিখিতভাবে জানিয়েছেন। ওসি জানান, বিউটির বাবার দেওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।মামলার বিবরণে বলা হয়, শুক্রবার সকাল ১০টায় বিউটির বাবা মুঠোফোনে জানতে পারেন, তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ১ নম্বরে রশীদ হাসপাতালে গিয়ে বিউটির লাশ পান। বিউটির সহকর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন, ফ্লোর ইনচার্জ ঝরনা বিউটিকে উৎপাদন ব্যবস্থাপকের (পিএম) কাছে নিয়ে যান। পরে তাঁর সহকর্মীরা শুনতে পান, বিউটি আটতলার ছাদ থেকে পড়ে মারা গেছেন।আবুল কালাম মামলায় উল্লেখ করেন, তিনি বিউটির সহকর্মীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন, এজাহারভুক্ত আসামিরা পরস্পর যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।ওসি ওয়াজেদ আলী জানান, প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল বিকেলে স্থানীয় সাংসদ আসলামুল হকের গাবতলীর বাসভবনে গিয়ে বিউটির মা-বাবার কাছে এক লাখ টাকার চেক দেন।এদিকে ভারটেক্স ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ গতকাল কারখানা বন্ধ ঘোষণা করে। শুক্র ও শনিবার শ্রমিকেরা কাজ না করলেও পারিশ্রমিক পাবেন বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।মিরপুর থানার ওসি জানান, গতকাল সকালে পুলিশ বিজিএমইএর নেতাদের উপস্থিতিতে পোশাকশ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, কারখানার মালিক নিহত শ্রমিক বিউটি হত্যা মামলার সুষ্ঠু তদন্তের বিষয়ে ব্যবস্থা নেবেন। কারখানায় কোনো শ্রমিকের ওপর নির্যাতন করা যাবে না। আজ রোববার কারখানা খোলা রাখার কথা জানায় কর্তৃপক্ষ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে বিউটির লাশ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।