বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতি-বার আরও তিন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার ও একজনের সনদ বাতিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শন বিভাগের আজিজুর রহমান (২০০৬-০৭ শিক্ষাবর্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) ও মনোবিজ্ঞান বিভাগের এইচ এম কিবরিয়াকে (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) স্থায়ীভাবে বহিষ্কার এবং সমাজবিজ্ঞান বিভাগের খন্দকার মো. ইউনুস আলীর (২০০২-০৩ শিক্ষাবর্ষ) সনদ বাতিল করা হয়েছে।এ নিয়ে বিশ্বজিৎ হত্যার ঘটনায় ১০ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তিনজনের সনদ বাতিল করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এঁরা সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী। বিশ্বজিৎ হত্যার ঘটনায় তাঁদের নাম-ছবি গণমাধ্যমে এসেছিল। গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় দরজির দোকানি বিশ্বজিৎকে কুপিয়ে-পিটিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। ঘটনার পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত ১২ ও ২০ ডিসেম্বর দুই দফায় সাত ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দুই ছাত্রের সনদ বাতিল করেছিল কর্তৃপক্ষ। এর আগে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া সাত ছাত্র হলেন: কাইয়ুম মিয়া ওরফে টিপু, রাজন তালুকদার, সাইফুল ইসলাম, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন, রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ও ওবাইদুল কাদের। সনদ বাতিল হওয়া বাকি দুই ছাত্র হলেন মাহফুজুর রহমান ওরফে নাহিদ ও ইমদাদুল হক। এঁদের মধ্যে সাতজনকে ইতিমধ্যে বিশ্বজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা এখন কারাগারে আছেন। বাকিরা পলাতক। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।