আরও তিন জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা উপকূল এলাকা থেকে আজ বৃহস্পতিবার আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে নিহত ৩৪ জেলের মধ্যে মোট ২৪ জনের লাশ উদ্ধার হলো।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ ধলঘাটা উপকূলে তিনটি লাশ ভেসে আসে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বিষয়টি পুলিশকে জানালে আজ সকাল আটটার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ তিনটি উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, লাশগুলোর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মুখমণ্ডল ও শরীর পচে যাওয়ায় তাঁদের শনাক্ত করা যাচ্ছে না। তবে লাশগুলো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল গ্রামের লোকজনের বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য এসব লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা কুতুবদিয়া ও বাঁশখালীতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ১৮ জেলের লাশ উদ্ধার করেন। আগের দিন আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়। গত বুধবার ২১ জেলের লাশ বাঁশখালীতে দাফন করা হয়।কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খালেকুজ্জামান বলেন, বাঁশখালী উপজেলার শেখেরখীল গ্রামের ৩৪ জন জেলে তিনটি ট্রলার (আল্লারদান, আল্লাহ মালিক ও আল মক্কা) নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যান। সেখানে তাঁরা জলদস্যুদের হাতে নির্মমভাবে নিহত হন। এ পর্যন্ত ২৪ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ওই তিন ট্রলারের আরও ১০ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধান করা হচ্ছে। ধলঘাটা থেকে উদ্ধার তিন জেলের লাশের ময়নাতদন্ত শেষে বাঁশখালীতে পাঠানো হবে।