আরও তিন মাস স্থগিত ডিসিসি নির্বাচন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেয়াদ বাড়ানোর এক আবেদনের শুনানির পর এ নির্দেশ দেন।রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, গত ২৩ জুলাই আদালত স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়িয়েছিলেন। ১৬ অক্টোবর এর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু যেসব যুক্তিতে রিটগুলো করা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্য মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। আদালত আরও তিন মাসের জন্য মেয়াদ বাড়িয়েছেন।৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদন করেন।এ সময়ের মধ্যে আইন অনুসরণ করে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়েছিল।