আরও তিন স্কুলছাত্র বাসচাপায় নিহত
‘বাজান তুই কনে গেলি, তোমরা আমার বাজানরে আইনা দেও।’ বলেই মূর্ছা গেলেন এক মা। জ্ঞান ফিরলে আবারও একই আহাজারি। এই আহাজারি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর ছাত্র হামিম শেখের মায়ের মতো আরেক মায়ের। গতকাল শনিবার টাঙ্গাইলের এই মা-ও বাসের চাপায় হারিয়েছেন প্রিয় সন্তানকে। পৃথক বাসচাপায় শেরপুরে নিহত হয়েছে আরও দুই স্কুলছাত্র।টাঙ্গাইল: সদর উপজেলার করটিয়া লাইট হাউস ল্যাবরেটরি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র রাজন (৭)। করটিয়া চৌধুরীপাড়ার আবদুর রহমান তাঁর বাবা। গতকাল সকালে চাচাতো ভাই রকিব (১৪) তাকে সঙ্গে নিয়ে রওনা হয় বাজারের দিকে। কিন্তু সরাসরি বাজারে না গিয়ে দুজনে সাইকেল চালিয়ে যায় বাসাইল উপজেলা সদরে তাদের ফুফুর বাড়ি। সেখান থেকে বাজার হয়ে বাড়ি ফিরতে চেয়েছিল তারা; কিন্তু আর বাজারে যাওয়া হয়নি দুই ভাইয়ের। ফুফুর বাড়ি থেকে ফেরার পথে বেলা ১১টার দিকে বাসাইল বাসস্ট্যান্ডে সখীপুরগামী শিকদার পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাজন। দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রকিব। তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়েই মূর্ছা যান রাজনের মা আরজিনা বেগম। জ্ঞান ফিরলেই প্রিয় সন্তানের জন্য আবার আহাজারি, আবার মূর্ছা যাওয়া। রাজনের স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব জানান, রাজন ছিল মেধাবী ও চটপটে। তার মৃত্যুসংবাদে পুরো এলাকায় শোক নেমে এসেছে।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘাতক বাস ও চালক মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।শেরপুর: সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে দ্রুতগামী বাসচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী জুয়েল ও পলাশ। জুয়েল মধ্য বয়ড়া আদর্শ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর এবং পলাশ একই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্পর্কে চাচা-ভাতিজা জুয়েল ও পলাশ বেলা আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিল। পথে ময়মনসিংহগামী একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। দুজনেই ছিটকে পড়ে মহাসড়কের ওপর। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। তারা সাত-আটটি গাড়ি ভাঙচুর এবং একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে একটি গতিরোধক নির্মাণকাজ শুরু হলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। শেরপুরের সহকারী পুলিশ সুপার ইকবাল শফি বলেন, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। দুই ছাত্রের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।