আরও তিনজন গ্রেপ্তার, একজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গ্রেপ্তার হওয়া শাহ আলম গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মিলনকে হত্যার ঘটনায় জড়িত পুলিশ ও অন্যদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে চরকাঁকড়া গ্রাম থেকে জাফর ইকবাল (২৭) ও হারুনুর রশীদকে (৩২) গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তার করা হয় আবদুল খালেক ওরফে মাছ খালেককে (৩৭)। ভিডিওচিত্র দেখে শনাক্ত করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।নোয়াখালীর কোর্ট পরিদর্শক মো. মোক্তার হোসেন জানান, শাহ আলমকে গতকাল আদালতে হাজির করা হয়। নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মো. জাকির হাসানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শাহ আলম। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে জানান, ভিডিওচিত্র দেখে শনাক্ত করার পর আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর ডিবি কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের সহায়তায় মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন । ডিবি সূত্র জানায়, প্রথম গ্রেপ্তার হওয়া শাহ আলম ডিবির হেফাজতে থাকা অবস্থায় ভিডিওচিত্র দেখে মিলনকে হত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম ও পরিচয় সম্পর্কে তথ্য দিয়েছেন। যা তদন্তের ক্ষেত্রে সহায়ক হবে। হাইকোর্টের রুল: গতকাল হাইকোর্টের রুলে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মিলনের মৃত্যুর ঘটনায় পুলিশের ব্যর্থতা কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়। বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানির পর রুল জারি করেন। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তাঁরা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করেন। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত বুধবার হাইকোর্টে রিট আবেদন করেন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব আইনজীবী তাজুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানিতে তাজুল ইসলাম বলেন, সংবিধানের ১১ অনুচ্ছেদে নাগরিকের মানবসত্তার মর্যাদা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাষ্ট্র চূড়ান্তভাবে তা করতে ব্যর্থ হয়েছে। এভাবে আইনের প্রক্রিয়া ছাড়া মানুষ হত্যা করা আইনের শাসনের প্রতি মানুষের অনাস্থা ও চূড়ান্ত হতাশার বহিঃপ্রকাশ। সভ্য সমাজের জন্য এটি বিপজ্জনক।শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।