জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও তিনটি নথি অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার এ আবেদন জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম।নথি তিনটি হলো: ‘দৈনিক পূর্বদেশ’ ও ‘দৈনিক বাংলা’য় ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত দুটি প্রতিবেদন এবং ১৯৭২-৭৩ সালের একটি গোয়েন্দা প্রতিবেদন।কামারুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওই দুই পত্রিকার প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করে বলেন, ওই দিনের ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকার শিরোনাম ছিল ‘দীন মোহাম্মদসহ আরও ১৫ দালাল গ্রেপ্তার’ এবং ‘দৈনিক বাংলা’র শিরোনাম ছিল ‘আরও ১৫ দালাল গ্রেপ্তার’। দুটি প্রতিবেদনেই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে কামারুজ্জামানের নাম ছিল ১৪ নম্বরে। তিনি বলেন, ’৭২-৭৩ সালের গোয়েন্দা প্রতিবেদনেও ঢাকায় গ্রেপ্তার হওয়া দালালদের তালিকায় (২৮৭ নম্বর) কামারুজ্জামানের নাম আছে। তিনি এগুলো নথি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন জানান।ট্রাইব্যুনাল জানতে চান, এসব গুরুত্বপূর্ণ নথি এত দিন পর উপস্থাপন করা হলো কেন? জবাবে কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষ বেশ কিছু নথি একসঙ্গে উপস্থাপনের কথা ভেবেছিল, তাই দেরি হয়েছে।ট্রাইব্যুনাল এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিককে শুনানি করতে বললে তিনি সময়ের আবেদন জানান। পরে ট্রাইব্যুনাল কাল মঙ্গলবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।আজ কার্যক্রমের শুরুতে এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আমেনা খাতুন জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।