আরও দুই ছাত্রীর লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে নিখোঁজ আরও দুই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহ দুটি বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রমিন আক্তার রনির (১৩) ও নবম শ্রেণীর শিক্ষার্থী জরিয়া আক্তারের (১৪)।আজ বৃহস্পতিবার সকালে হাওরে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল ছয়টায় শৈলচাপড়া হাওরের দুর্ঘটনাস্থল থেকে পশ্চিমে ভাসমান অবস্থায় রনি ও জরিয়ার লাশ স্থানীয় লোকজন উদ্ধার করে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ১৬। তাদের মধ্যে বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচজন ও বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের তিনজন শিক্ষার্থী। এ ছাড়া চারজন শিশু ও চারজন নারী রয়েছে।স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে গত মঙ্গলবার সকালে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার বাদশাগঞ্জ বাজারের উদ্দেশে রওয়ানা হয়। অতিরিক্ত যাত্রীর কারণে এবং ঝোড়ো বাতাসের কবলের পড়ে সকাল সাড়ে নয়টায় সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ট্রলারটি ডুবে যায়।সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ ও পাইকুরাটি ইউপির চেয়ারম্যান মো. রেহান উদ্দিন জানিয়েছেন, রনি ও জরিয়ার মরদেহ গভীর পানিতে তলিয়ে যাওয়ায় ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর হাওরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে।ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান, ঘটনাস্থল থেকে বুধবার সন্ধ্যায় ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচেছ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা প্রথম আলোকে জানান, নিহত ১৬টি পরিবারকে উপজেলা প্রশাসন থেকে দুই হাজার ও জেলা প্রশাসন থেকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।সাংসদ মোয়াজ্জেম হোসেন নিহতদের পরিবারগুলোর মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন। এ ছাড়া এখানকার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য খুব শিগগিরই একটি ট্রলারের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।এদিকে গতকাল বেলা সাড়ে ১১টায় নিহত শিক্ষার্থীদের স্মরণে পৃথকভাবে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা ও মিলাদ মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।