আরও দুই বছর খেললেই এক হাজার উইকেট পেত মুরালি: রানাতুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। ১৯৯৬ সালে দেশকে বিশ্বকাপ জেতানোর অনন্য কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯০ সালে তাঁর অধিনায়কত্বের সময়কালেই ক্রিকেট বিশ্বে আবির্ভূত হন স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। এরপর থেকে বাকি সময়ে রানাতুঙ্গাকে বলা হয়ে থাকে মুরালিধরনের ক্যারিয়ারের সবচেয়ে বড় অভিভাবক। ১৯৯৬ ও ১৯৯৯ সালে চাকিং বিতর্কের সময় রানাতুঙ্গা মুরালিকে দিয়েছেন সর্বাত্মক সমর্থক। অনেকেই বলেন, চাকিং বিতর্কের বিপক্ষে রানাতুঙ্গার শক্ত অবস্থানই মুরালিকে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার বিপদ থেকে বাঁচায়। গল টেস্টে আট উইকেট শিকার করে ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন মুরালি। তাঁর এ অসাধারণ গৌরবগাঁথা স্পর্শ করে গেছে ‘ক্যাপ্টেন কুল’ অর্জুনা রানাতুঙ্গাকেও। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাত্কারে রানাতুঙ্গা কথা বলেছেন মুরালিধরনের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য সেই সাক্ষাৎকারটির ঈষৎ সংক্ষেপিত অংশ তুলে ধরা হলো।প্রশ্ন: অসাধারণ সব কীর্তি গড়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মুত্তিয়া মুরালিধরন। তাঁকে টেস্ট ম্যাচে আর বল করতে দেখা যাবে না। ব্যাপারটি কি আপনাকে ব্যথিত করছে?রানাতুঙ্গা: সত্যি বলতে কী, আমি আজ একটা মিশ্র অনুভূতির মধ্যে রয়েছি। কোনো খেলোয়াড়ের এমন বিদায় স্বপ্নের মতোই। ক্রিকেট ঈশ্বর নিশ্চয়ই নিজের হাতে মুরালির বিদায় মুহূর্তের চিত্রনাট্য লিখেছেন। ৮০০ উইকেট নেওয়া, ভারতকে চার দিনের মধ্যে ১০ উইকেটে উড়িয়ে দেওয়া—সবই সেই স্বপ্নের চিত্রনাট্য অনুযায়ী হয়েছে। কোনো খেলোয়াড়ের বিদায় এর চেয়ে মধুর হতে পারে না। তবে আমার মনে হয়, অবসরের ব্যাপারটি নিয়ে ওর আরেকবার চিন্তা-ভাবনা করা উচিত। ইচ্ছা করলে আরও দুই বছর সে খেলতে পারে। দুই বছর খেললেই সে টেস্টে এক হাজার উইকেটের মালিক হয়ে যেতে পারে। সেটা মুরালি ও শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য হবে বিরাট এক ঘটনা।প্রশ্ন: ফর্মের তুঙ্গে থেকে বিদায় নিলেন মুরালি। এটাই তো বিরাট ব্যাপার।রানাতুঙ্গা: হ্যাঁ, ফর্মের তুঙ্গে থেকে বিদায় নেওয়াটা একজন খেলোয়াড়ের জন্য বিরাট সাফল্য। মুরালি হয়তো সেটাই ভেবেছে। আমিও তাঁর এ সিদ্ধান্তকে সম্মান করি। তবে আমার ব্যক্তিগত মতামত হলো আরও দুই বছর সে কেবল টেস্ট ক্রিকেটে খেলতে পারত। টেস্ট ক্রিকেটে মুরালিধরনের বিকল্প এখনো তৈরি করতে পারেনি শ্রীলঙ্কা।প্রশ্ন: শ্রীলঙ্কান ক্রিকেটে মুরালিধরনের অবস্থানটি আপনার দৃষ্টিতে কোথায়?রানাতুঙ্গা: সত্যি বলতে কী, আমি এসব রেটিং-র‌্যাংঙ্কিংয়ে একেবারেই বিশ্বাস করি না। তবে আমি মনে করি, মুরালি এ যুগের সর্বশ্রেষ্ঠ স্পিনার। তার সঙ্গে কারোরই তুলনা চলে না। ক্রিকেট ইতিহাসে তাকে আলাদা একটি জায়গা দিতেই হবে।প্রশ্ন: আপনি মুরালিধরনকে যুগের সর্বশ্রেষ্ঠ অফ স্পিনার হিসেবে অভিহিত করলেন। কেন সেটা খুলে বলবেন কি?রানাতুঙ্গা: দেখুন, এ যুগে আমি কোনো স্পিনারকে মুরালির মতো বল ঘোরাতে দেখিনি। তার রিস্ট অ্যাকশন অনন্য। আমার তো মনে হয়, মুরালি কাচের ওপরও বল ঘোরাতে পারবে। একজন সাধারণ অফ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নিজের চেষ্টায় সে অফ স্পিনের নানা রকম বৈচিত্র্য সৃষ্টি করেছে। দুই দিকেই বল ঘোরাতে পারার সক্ষমতা মুরালি ছাড়া আর কোন স্পিনারের রয়েছে বলুন?প্রশ্ন: মুরালির টেস্ট ক্যারিয়ার শেষ হলো ৮০০ উইকেট নিয়ে। তাঁর বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ উঠেছিল। আপনি সে সময় মুরালির পাশে দাঁড়িয়েছিলেন, তাঁকে মানসিক সমর্থন জানিয়েছিলেন...রানাতুঙ্গা: অধিনায়ক হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের বিপদে-আপদে মানসিক সমর্থন জানানো আমার কর্তব্য। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াতে মুরালির বিরুদ্ধে যখন চাকিংয়ের অভিযোগ আনা হলো, তখন এর বিরুদ্ধে যদি আমি বা আমার দেশের ক্রিকেট বোর্ড তীব্র প্রতিক্রিয়া না দেখাতাম তাহলে মুরালিকে সারা জীবন ‘চাকার’ হিসেবে অপবাদ বয়ে বেড়াতে হতো।প্রশ্ন: মুরালির পর এখন কে?রানাতুঙ্গা: আমি জানি না। সত্যিই জানি না। মুরালিধরনের মতো বোলারদের বিকল্প তৈরি হওয়াটা খুবই কঠিন। অজন্তা মেন্ডিসের মধ্যে আমি কিছুটা সম্ভাবনা দেখেছি। কিন্তু তাকে শ্রীলঙ্কা দলের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তাকে কেন টেস্টে খেলানো হচ্ছে না বুঝতে পারছি না। আমার মনে হয় মুরালির বিকল্প তৈরি করার লক্ষ্যে অজন্তা মেন্ডিসের দিকে দৃষ্টি দিতে হবে।