আরও দুই মামলায় গ্রেপ্তার ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও দুই মামলায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির কারাবন্দী ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।১৮ দলের রাজপথ অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, মারধর, পুলিশের কর্তব্যকাজে বাধা ও ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মতিঝিল ও সূত্রাপুর থানায় করা দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ শাখার উপকমিশনার মাহমুদুর রহমান জানান, মতিঝিল থানার মামলায় ১০ দিনের এবং সূত্রাপুর থানার মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ দুই আবেদনের ওপর ৮ জানুয়ারি মির্জা ফখরুলের উপস্থিতিতে শুনানির তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। ১৮ দলের রাজপথ অবরোধ চলাকালে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় গতকাল বুধবার হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল। এ দুই মামলায় গত ১৮ ডিসেম্বর মির্জা ফখরুল জামিনের আবেদন করলে ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন তা নামঞ্জুর করেন।৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা রাজপথ অবরোধে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় ৩৭টি মামলা হয়। সব মামলায় ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। ১১ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে দুটি মামলার কোনোটিতেই রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।গতকাল এ দুই মামলায় তাঁর জামিন মঞ্জুর হওয়ার পর তাঁর আইনজীবী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেছিলেন, ‘আমার জানামতে, তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এতে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।’