আরও দুই মামলায় গ্রেপ্তার ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধের ঘটনায় করা আরও দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের কর্তব্যকাজে বাধা ও বিস্ফোরকদ্রব্য আইনে পল্টন ও কলাবাগান থানায় করা দুটি মামলায় আজ বুধবার মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে দুই মামলায় তাঁকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়। এ ব্যাপারে ২৪ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ও কলাবাগান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের ঘটনায় করা এ দুটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর আগে একই ঘটনায় করা দুই মামলায় ফখরুলকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। এরপর ৩ জানুয়ারি সূত্রাপুর ও মতিঝিল থানায় করা আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সূত্রাপুরের মামলায় জজ কোর্ট থেকে তিনি জামিন পেলেও অন্যটিতে জামিন নামঞ্জুর করেন আদালত।