আরও দুই মামলায় জড়ানো হলো মির্জা ফখরুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে। গতকাল বুধবার পুলিশের করা আরও দুটি মামলায় তাঁকে জড়ানো হয়েছে। শুধু তা-ই নয়, এ দুটি মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে প্রতিটিতে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডের শুনানির জন্য যথাক্রমে ২৪ ও ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিস্ফোরক দ্রব্য আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানা ও কলাবাগান থানায় এ দুটি মামলা হয়। একই দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা হয়। এসব মামলার মধ্যে গতকাল পর্যন্ত ছয়টিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার দেখানো হলো। এসব মামলার মধ্যে প্রথমে দুটি মামলায় ১০ ডিসেম্বর মির্জা ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ওই দুটি মামলায় ২ জানুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পান। এর পরদিনই তাঁকে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোট ১৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে তখন আদালত রিমান্ড মঞ্জুর করেননি।বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে বলেন, মির্জা ফখরুল গত মঙ্গলবার সূত্রাপুর থানার মামলায় জজ আদালত থেকে জামিন পান। বাকি মামলার (মতিঝিল থানার) জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এটা জানতে পেরে সরকার গতকাল নতুন করে আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।