অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের দুই সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ জানুয়ারি পর্যন্ত এ-সংক্রান্ত শুনানি মুলতবি করেন।আদালত বলেছেন, ‘আশা করব, এই সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করা হবে।’আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর উল ইসলাম।পরে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা নিয়ে দুই সপ্তাহ সময় চাওয়া হয়। আদালত ২৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। ওই দিন বিষয়টি শুনানির জন্য আসবে।গত ১ অক্টোবর আদালত বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে সরকারকে এক মাস সময় দেন। একই সঙ্গে ৪ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেন। ধার্য তারিখে আদালত আরও এক মাস বাড়িয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেন। ওই দিন রাষ্ট্রপক্ষকে এক মাসের সময় দিয়ে আপিল বিভাগ ১০ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নে জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাকভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।