আরও দুজন গ্রেপ্তার, প্রকৃত খুনিরা ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতা ইউসুফ আলী সরদারের খুনের ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন হান্নান ওরফে পেটকাটা হান্নান ও আবুল হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ নিয়ে ইউসুফ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও এজাহারভুক্ত আসামিসহ প্রকৃত খুনিদের কেউ ধরা পড়েনি।এদিকে এ ঘটনায় এখনো হত্যা মামলা হয়নি। ইউসুফ মারা যাওয়ার আগে নিজে বাদী হয়ে রমনা থানায় মারধরের যে মামলা করেছিলেন, তারই তদন্ত করছে পুলিশ। গতকাল এ মামলায় গ্রেপ্তার করা একজনের রিমান্ডের জন্য পাঠানো হলে আদালত রিমান্ড মঞ্জুর না করে শুনানির দিন ধার্য করেন।রেড ক্রিসেন্ট সোসাইটির দরপত্র নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার নিহত হন যুবলীগ নেতা ইউসুফ আলী সরদার। এ ঘটনায় শুক্রবার মো. রাসেল নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশ। ওই মামলার এজাহারভুক্ত আসামি ফয়সালের ভাই।মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা রাসেলকে গতকাল আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। একই সঙ্গে মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদনও করা হয়েছে। ১২ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে। আদালত ওই দিন রাসেলের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদেশ দেবেন বলে জানা গেছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। এঁরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। তাঁরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী হয়ে থাকতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পর থেকে এঁদের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটিতে দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগ কর্মীদের বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের কর্মীরা চেয়েছিলেন, কাজটি সবার মাঝে বণ্টন করা হোক, কিন্তু যুবলীগ এতে সাড়া দেয়নি। এ পরিস্থিতিতে ছাত্রলীগ কর্মীদের বাধা উপেক্ষা করেই ইউসুফ দরপত্র জমা দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপর দুই দফা হামলা চালান। রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এক দফা মারধরের পর টঙ্গী ডাইভারশন রোডে রড ও লাঠি দিয়ে তাঁকে আবার পেটানো হয়। মারধরের ঘটনাটি ৫৪ নম্বর যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ সাঈদ, মো. আলী, বাবুল, কাজল, ফয়সাল, বাদশা, রিপন, খোরশেদসহ অনেক ছাত্রলীগ ও যুবলীগ কর্মী দেখেন বলে জানা গেছে। এরপর আহত ইউসুফ নিজেই থানায় গিয়ে ছাত্রলীগ নেতা ফয়সাল, রিপন, বাদশা, মো. আলীসহ কয়েকজনের নামে মামলা করেন। দুপুরে মামলার পর রাতে তিনি মারা যান।