আরও ধূসর বাংলাদেশের স্বপ্ন
দুই দলের কোনোটিরই সুপার এইট নিশ্চিত হয়নি। নিউজিল্যান্ডের এক জয়, পাকিস্তানেরও তা-ই। আগামীকাল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিলে তিন দলের পয়েন্ট হয়ে যাবে সমান। তখন নির্ধারক নেট রানরেট। আরে ভাই, ‘গ্রুপ অব ডেথ’ নামটা কি আর এমনিতেই হয়েছে! ‘ডি’ গ্রুপে এখনো অনেক নাটক বাকি!কিসের নাটক? ক্রিকেটের চিরন্তন অনিশ্চয়তাকে ক্ষণিকের জন্য ভুলে গেলে পাকিস্তান ও নিউজিল্যান্ড তো সুপার এইটে উঠে গেছে। পাকিস্তানকে হারানোটা যদি প্রায় অসম্ভব হয়, ওই নেট রানরেটের ব্যাপারটা এসে ‘প্রায়’ শব্দটাও উধাও হয়ে যাওয়ার উপক্রম। টি-টোয়েন্টিতে মহাপরাক্রমশালী পাকিস্তানকে শুধু হারালেই হবে না, হারাতে হবে বড় ব্যবধানে। আইসিসির মিডিয়া কর্মকর্তা ম্যাচ শেষ হতেই জানিয়ে দিলেন, রানের হিসাবে জয়টা হতে হবে কমপক্ষে ৩৬ রানের। বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে, সেটি তাৎক্ষণিকভাবে জানা গেল না। তবে সেই হিসাবটাও যে কঠিনই হবে, এটা তো বোঝাই যাচ্ছে।পাল্লেকেলেতে এই বিশ্বকাপের প্রথম বড় ম্যাচে কাল অনেক দর্শক। তাদের প্রায় সবাই পাকিস্তানের পক্ষে গলা ফাটাল। নিউজিল্যান্ডেরও সমর্থন ছিল। তবে মাঠে নয়, ওই দেশের জনসংখ্যার প্রায় ৩০-৩২ গুণ মানুষ প্রার্থনা করছিল তাদের জন্য। মানে পুরো বাংলাদেশ আর কি! নিউজিল্যান্ড জিতলে যে আশাটা সরাসরি একটা সমীকরণের রূপ পেত। বাংলাদেশ-পাকিস্তান তখন হয়ে যেত নকআউট। যারা জিতবে, তারাই সুপার এইটে।কিন্তু এই পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড পারে কীভাবে! শেষ পর্যন্ত ব্যবধানটা ১৩ রানের, কিন্তু ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তো পাকিস্তানই ছড়ি ঘুরিয়ে গেল। প্রথম ২ উইকেটে ৪৭ ও ৭৬ রানের জুটি। ১০ ওভারেই রান ৯৮, ১৫ ওভারে ১৩১। সেখান থেকে ১৭৭ তো কমই। নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর স্বীকার করলেন, ১০-১৫ ওভার শেষে স্কোরটা তিনি ১৯০-২০০-ই দেখছিলেন। মাঝখানে ১১ রানে ৩ উইকেট তুলে নিয়ে সেটি ঠেকিয়েছেন কিউই বোলাররা। অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। টেলরও তা-ই দিলেন, তবে ক্যাচ ফেলায়! প্রথম ওভারেই স্লিপে যখন হাফিজের সহজ ক্যাচ ফেলে দিলেন, স্কোরবোর্ডে কোনো রানই ওঠেনি। ভিত্তিটা গড়ে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন হাফিজ, যেটির ওপর দাঁড়িয়ে ৩৫ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফেললেন নাসির জামশেদ।বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নাসির জামশেদ নামটি বিপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির কথা মনে করিয়ে দেয়। জেলে যাওয়া এক বুকির মোবাইলে তাঁর নাম ও ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যাওয়ার পরও কীভাবে কীভাবে যেন পার পেয়ে যান। রহস্যটা অমীমাংসিতই আছে। তবে এর পর থেকে পাকিস্তান দলে যেন স্বপ্নের মতো ব্যাটিং করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কালকের ইনিংসটি সেই স্বপ্নেরই আরেকটু প্রলম্বন। গা-জোয়ারি কোনো শট নেই, টাইমিং আর কবজির মোচড়ে টি-টোয়েন্টির ব্যাটিংও শৈল্পিক হয়ে গেল তাঁর সৌজন্যে। ৪২ রানে আউট হতে পারতেন, উল্টো ডিপ স্কয়ার লেগে নিকলের হাত গলে তা হয়ে গেছে ছক্কা।তা না হলে ম্যাচসেরার পুরস্কারটা সাঈদ আজমলই পান। পাকিস্তানের বৈচিত্র্যময় বোলিং আক্রমণে তিনিই তুরুপের তাস। প্রথম ওভারে ১০ রান দেওয়ার পর শেষ তিন ওভারে তুলে নিলেন ৪ উইকেট। দুই দিন আগে যে উইকেটে বাংলাদেশের স্পিনাররা খাবি খেয়েছেন, সেখানেই পাকিস্তানি স্পিনাররা রাজত্ব করলেন। নতুন বলে শুরু করে অধিনায়ক হাফিজই ছিলেন নেতৃত্বে। শেষ বলে ছক্কা খাওয়ার পরও চার ওভারে মাত্র ১৫ রান!নিউজিল্যান্ড দলে আট-নয় নম্বর পর্যন্ত বিগ হিটার থাকায় শেষ ওভার পর্যন্ত উত্তেজনাটা জিইয়ে ছিল। শেষ ৬ ওভারে ৭৬ রান তো টি-টোয়েন্টিতে অসম্ভব কিছু নয়। তার ওপর নিউজিল্যান্ডের হাতে ৮ উইকেট, উইকেটে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। সমস্যাটা ছিল অন্যখানে। ওই ৬ ওভারের ৩টিই যে করলেন সাঈদ আজমল নামের স্পিন-জাদুকর!সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ২০ ওভারে ১৭৭/৬ (হাফিজ ৪৩, নাজির ২৫, জামশেদ ৫৬, কামরান ৩, উমর ২৩, মালিক ৯*, আফ্রিদি ১২; মিলস ০/৩৫, ভেট্টোরি ১/২৩, সাউদি ২/৩১, ওরাম ২/৪৪, নাথান ম্যাককালাম ০/২৩, মিলনে ০/১২, ফ্রাঙ্কলিন ১/৭)। নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৯ (নিকোল ৩৩, উইলিয়ামসন ১৫, ব্রেন্ডন ম্যাককালাম ৩২, ভেট্টোরি ১৮, ওরাম ১১, টেলর ২৬, ফ্রাঙ্কলিন ১৩, নাথান ম্যাককালাম ৫, সাউদি ১, মিলস ০*, মিলনে ০*; হাফিজ ০/১৫, তানভীর ১/৩৩, গুল ১/৩৯, আরাফাত ০/১২, আফ্রিদি ১/৩০, আজমল ৪/৩০)। ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসির জামশেদ।পাকিস্তান: ২০ ওভারে ১৭৭/৬নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৯ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী