আরও নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার পক্ষে সরকার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি খাতে নতুন ব্যাংক স্থাপনের বিষয়টি সরকারের একটি রাজনৈতিক ইচ্ছা। তিনি বলেন, সরকার বেসরকারি খাতে আরও কিছু নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার পক্ষে। তবে ঠিক কয়টি ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে, তা এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে তথ্য-উপাত্ত যাচাই করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।অর্থমন্ত্রী বলেন, সরকার নতুন ব্যাংক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। সে অনুযায়ী লাইসেন্স দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে।আজ রোববার ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এ সময় ইআরএফের সাধারণ সম্পাদক আবু কাওসার উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ২০১১ সালের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর সাময়িক মুনাফার তথ্যে প্রতীয়মান হয়, এ খাতে যথেষ্ট প্রতিযোগিতা হচ্ছে না। নতুন ব্যাংক করার অনুমতি দিলে এ খাতে প্রতিযোগিতা হবে বলে তিনি জানান।এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংককে নতুন ব্যাংকের লাইসেন্স দিতে সরকার কোনো চাপ প্রয়োগ করছে না। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের সম্পর্ক পৃথক করা যায় না। কেন্দ্রীয় ব্যাংকের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা সরকারের আছে। সরকারের ইচ্ছা হয়েছে, তাই ব্যাংক স্থাপনের জন্য নতুন আবেদন আহ্বান করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এবারই সম্ভবত শেষবারের মতো সরকার নতুন ব্যাংক স্থাপনের লাইসেন্স দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশনা দিয়েছে।দেশের অর্থনীতির আকার বিবেচনায় দেশে নতুন কোনো ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা নেই বলে ২০০৮ সালে বাংলাদেশ ব্যাংক থেকে এ ধরনের এক সমীক্ষায় বলা হয়েছিল বলে সাংবাদিকেরা উল্লেখ করলে অর্থমন্ত্রী বলেন, বিগত আড়াই বছরে অর্থনীতির আকার অনেক বেড়েছে। এখন ওই সমীক্ষার আর কোনো যৌক্তিকতা নেই। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় ব্যক্তিদের সুবিধা দিতে সরকারের নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের আর্থিক খাত অর্থাত্ তালিকাভুক্ত ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি বাড়াতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি বিভাগকে আরও শক্তিশালী করে সম্পূর্ণ আলাদা বিভাগ করতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে দুর্বলতা আছে। তা না হলে যেখানে ৮৫ শতাংশ ঋণ দেওয়ার কথা, সেখানে ১১০ শতাংশ ঋণ ব্যাংকগুলো কীভাবে দেয়? একইভাবে মুদ্রানীতি বিভাগকেও সক্ষমতা বাড়াতে হবে বলে তিনি জানান।অর্থমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা নিয়ে যে তথ্য সরকার তুলে ধরেছে, তা নিয়ে দ্বিমত থাকতে পারে। অনেকে মন্ত্রীই অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে কর্মীরা যাননি। আমার বাড়িতে যাঁরা গিয়েছিল, তাঁরাও দুর্বল। তবে আমি মনে করি, আগামী সেপ্টেম্বরে নমুনা নিয়ে জরিপ শেষ হলে বলা যাবে, জনসংখ্যা আসলে কত। তবে আমার ধারণা, প্রবাসীসহ প্রাপ্ত তথ্যাদিতে দেখা যাবে জনসংখ্যা ১৬ কোটি হবে।’ প্রসঙ্গত, কিছুদিন আগেও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটির বেশি উল্লেখ করেছিল। তখন অর্থমন্ত্রী এ তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছিলেন।মূল্যস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ভোজ্যতেল ও খাদ্যদ্রব্য ছাড়া অন্য সব পণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে। তবে মূল্যস্ফীতির কারণ আন্তর্জাতিক বাজার। এর পরও আন্তর্জাতিক বাজারের চেয়েও দেশে পণ্যের দাম কমই আছে। তবে এর সঙ্গে কিছু ব্যবসায়ী জড়িত। যেহেতু রাতারাতি পণ্যের দর কমানো যাবে না, তাই গরিব মানুষকে কম মূল্যে পণ্য সরবরাহ করতে হবে।অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারের তথাকথিত ধস নিয়ে যে ভাঙচুর হয়, তা রাজনৈতিক। শেয়ারবাজারে ওঠানামা থাকবেই। কিন্তু বিনিয়োগকারীদের প্রত্যাশা প্রতিদিন শেয়ার বাজারের দাম বাড়তে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান কাজ পুঁজিবাজারের বিধিমালা তৈরি। বর্তমানে শেয়ারবাজারের বিধিমালার প্রণয়নের দিকে নজর দেওয়া হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এখন অনেক সক্রিয়। বুক বিল্ডিং পদ্ধতির নীতিমালায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে।