আরও নতুন ব্যাংক আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই নতুন বেসরকারি ব্যাংক ও জীবন বিমা কোম্পানির আবেদন নেবে সরকার। আজ বুধবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।সংসদে বাজেট পাসের আগে দাবি নম্বর-১০-এর ওপর ছাঁটাই প্রস্তাব দিয়ে সাংসদ ফজলুল আজিম ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ’ শিরোনামে প্রস্তাবের ওপর আলোচনা তুললে অর্থমন্ত্রী জবাব দেন।আবুল মাল আবদুল মুহিত বলেন, শেয়ারবাজারের ওঠানামার সঙ্গে ব্যাংকের তারল্য সংকটের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘বাজার এখন স্থিতিশীল রয়েছে। অতি মূল্যায়নের সময় আমরা সঠিকভাবে রুখতে পারিনি। তবে গত দুই মাস ধরে শেয়ারবাজার স্থিতিশীল রয়েছে।’ এ প্রসঙ্গে অর্থমন্ত্রী সংসদকে বলেন, ‘আগামী মাসে নতুন বাণিজ্যিক ব্যাংকের জন্য দরখাস্ত আমরা নেব। আমরা নতুন জীবন বিমা কোম্পানির জন্যও দরখাস্ত নেব।’ প্রসঙ্গত, দেশে বিশেষায়িত ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে ৪৯টি ব্যাংক আছে। এর মধ্যে বেসরকারি ব্যাংক ৩০টি। শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩১টি। এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকার ১৩টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছিল। দেশে ৬২টি বিমা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে লাইফ ইনস্যুরেন্স ১৯টি, সাধারণ বিমা ৪১টি এবং রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা ও জীবন বিমা করপোরেশন।