আরও নতুন ব্যাংক আসছে!
আগামী মাসেই নতুন বেসরকারি ব্যাংক ও জীবন বিমা কোম্পানির জন্য আবেদন জমা নেওয়া হবে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বুধবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেটের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।নতুন ব্যাংক দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী সংসদকে বলেন, ‘আগামী মাসে নতুন বাণিজ্যিক ব্যাংকের জন্য দরখাস্ত আমরা নেব। আমরা নতুন জীবন বিমা কোম্পানির জন্যও দরখাস্ত নেব।’ সংসদে অর্থমন্ত্রীর নতুন ব্যাংকের দরখাস্ত জমা নেওয়ার এ বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো। তারা বলছে, অর্থমন্ত্রীর এভাবে সংসদে ব্যাংকের দরখাস্ত নেওয়ার কথা বলার আইনি সুযোগ নেই।প্রসঙ্গত, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৩১ ধারায় ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া রয়েছে। তবে তা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ ইতিপূর্বে বলা ছিল, সরকার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশনা দিতে পারবে। পর্ষদ সেই নির্দেশনার ভিত্তিতে নতুন নির্দেশনা তৈরি করবে। এই ধারার আলোকে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে অতীতে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক প্রতিষ্ঠার জন্য সরকার কমিটি গঠন করে দিত। কিন্তু ২০০৩ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডারে ‘সরকারের নির্দেশনার’ এই ধারাটি সংশোধন করে তুলে দেওয়া হয়। ফলে এই সংশোধনের পর এখন ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুসারে ব্যাংক ব্যবসার লাইসেন্স দেওয়ার পুরো ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, এ অবস্থায় কোনো ব্যাংক লাইসেন্স দেওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। জানা যায়, সম্প্রতি সরকার বিশেষ আইন দিয়ে প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করে। কিন্তু, এনআরবি নামে একটি তফসিলি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগও রয়েছে। এনআরবি ব্যাংকের জন্য তিনটি আবেদনও কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি সিদ্ধান্ত হয়, বর্তমানে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা যথেষ্ট। অর্থনীতির আয়তন হিসেবে নতুন করে ব্যাংক দেওয়ার প্রয়োজনীয়তাও নেই। বাংলাদেশের মতো অর্থনৈতিক আয়তনের দেশগুলোতে ১৫-১৬টি ব্যাংক রয়েছে। এই সিদ্ধান্ত সরকারকে জানানোও হয়েছে। কিন্তু এনআরবি ব্যাংক যেহেতু অনাবাসী প্রবাসীদের মূলধনে প্রতিষ্ঠা করা হবে, তাই ভিন্নধর্মী বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ বিষয়টি বিবেচনাধীন রেখেছে। এই ব্যাংক প্রতিষ্ঠার জন্য এখন আবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কমিটির পর্যালোচনা শেষে পর্ষদ তা বিবেচনা করে দেখবে বলে সূত্র জানায়। এর আগেও বাংলাদেশ ব্যাংকের পর্ষদ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যাংকিং সেবার চাহিদার আলোকে নতুন কোনো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন নেই উল্লেখ করে বিগত সরকারকে জানায়। বরং কতিপয় ক্ষেত্রে একাধিক ব্যাংক একীভূত করার কথা বলে। প্রসঙ্গত, দেশি-বিদেশি মিলিয়ে দেশে মোট ৪৯টি ব্যাংক আছে। এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩০টি। আর শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩১টি। এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকার ১৩টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছিল। এ ছাড়া বর্তমানে দেশে ৬২টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে জীবন বিমা কোম্পানি ১৯টি, সাধারণ বিমা ৪১টি এবং রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা ও জীবন বিমা করপোরেশনও রয়েছে।