আরও নিরাপত্তা
নিরাপত্তার কমতি নেই। বরং কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করা হচ্ছে বলেই অনেকের অভিযোগ। সাধারণ মানুষ পুলিশের লাঠিপেটা তো খেয়েছেই; জিওফ বয়কটের মতো নামী ধারাভাষ্যকার, এমনকি আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতকেও শিকার হতে হয়েছিল নিরাপত্তাজনিত বিড়ম্বনার। তাতে অবশ্য রাশ আলগা হচ্ছে না। বরং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার, আরও নিশ্ছিদ্র করতে নির্দেশ দিয়েছে ভারত সরকার।নিরাপত্তা নিয়ে ভারত সরকারের নতুন করে উদ্বিগ্ন হওয়ার কারণও আছে। বিশ্বকাপে হামলা চালানোর পরিকল্পনা করছে আল-কায়েদা বা লস্কর-ই-তাইয়েবার মতো সন্ত্রাসী সংগঠনগুলো—এমন একটা খবর ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগে। লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর থেকে এখন সবাই সতর্ক। ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্প্রতি ভারত সরকারকে জানিয়েছে, সন্ত্রাসীরা নাকি এরই মধ্যে ভারতে ঢুকে পড়েছে। নেপাল সীমান্ত দিয়ে আরও সন্ত্রাসী প্রবেশ করতে পারে। সরকারও তাই নিরাপত্তার বজ্র আঁটুনি নিয়েই প্রস্তুত। ওয়েবসাইট।