আরও পাঁচ কোম্পানির জালিয়াতির তদন্ত হচ্ছে
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় হলমার্ক ছাড়া আরও পাঁচ কোম্পানির অর্থ জালিয়াতির বিষয়ে এখন তৎপর হচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এই পাঁচ কোম্পানি হলো: টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন গ্রুপ, নকশি নিট, ডি এন স্পোর্টস এবং খান জাহান আলী। এরা প্রায় ৮৬১ কোটি টাকা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বের করে নিয়েছে রূপসী বাংলা শাখা থেকে।ব্যাংকের একটি সূত্র জানায়, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত ১ অক্টোবর রূপসী বাংলা শাখার হলমার্কসহ বাকি পাঁচ গ্রাহক কোম্পানির স্বত্বাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সব কোম্পানির মালিকদের অর্থ নেওয়ার দায় স্বীকার করে ব্যাংককে চিঠি দিতে বলা হয়। একই সঙ্গে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র, সহায়ক জামানত, ব্যাংকের কাছে নেওয়া অর্থের অন্তত ২৫ ভাগ শিগগিরই জমা করতে পরামর্শ দেওয়া হয়েছে।বৈঠক সূত্র জানায়, এই কোম্পানিগুলোকে বলা হয়েছে, যদি তারা দুদকের মামলার আগে ২৫ শতাংশ অর্থ জমা করে এবং কাগজপত্র ও প্রয়োজনীয় জামানত নিশ্চিত করে, তবে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে বাকি অর্থ পরিশোধের জন্য একটা নতুন তফসিল করে দেওয়ার চেষ্টা করবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।যোগাযোগ করা হলে প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, আমানতকারী ও ব্যাংকের স্বার্থরক্ষায় তাঁরা এসব কোম্পানির প্রধানদের সঙ্গে বসেছিলেন। তাঁদেরকে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।এত দিন হলমার্কের বিরাট অঙ্কের অর্থ কেলেঙ্কারি উদ্ঘাটনে দুদক তৎপর থাকায় অনেকটা চাপা পড়ে যায় বাকিদের জাল-জালয়াতি। দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলাকে বলেন, তাঁরা এখন এই পাঁচ প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান শুরু করবেন।লোকাল এলসি (অভ্যন্তরীণ বিল) খুলে ব্যাংকের মাধ্যমে লেনদেন দেখিয়ে এসব কোম্পানি হলমার্কের মতো বড় টাকা ব্যাংক থেকে বের করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, টি অ্যান্ড ব্রাদার্স রূপসী বাংলা শাখা থেকে বের করে নিয়েছে ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা। এই কোম্পানির প্রধান ব্যক্তি হলেন তসলিম হাসান। প্যারাগন গ্রুপের স্বত্বাধিকারী হচ্ছেন সাইফুল ইসলাম। প্যারাগনের মোট দায় হচ্ছে ১৪৬ কোটি ৬০ লাখ টাকা। বেগম ফাহমিদা আকতার চৌধুরীর কোম্পানি ডি এন স্পোর্টস একই প্রক্রিয়ায় বের করে নিয়েছে ৩৩ কোটি ২৫ লাখ টাকা। আবদুল মালেকের নকশি নিট স্থানীয় এলসি খুলে স্বীকৃত বিলের মাধ্যমে বের করে নিয়েছে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা। আর আবদুল জলিল শেখের প্রতিষ্ঠান খান জাহান আলী চার কোটি ৯৬ লাখ টাকা রূপসী বাংলা শাখা থেকে বের করে নেয়।