আইপিএলের নানা কেলেঙ্কারির ব্যাপারে নিজের বক্তব্য জানানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে নোটিশ এসেছিল বিতর্কিত ব্যক্তিত্ব লোলিত মোদির কাছে। সেই নোটিশের জবাব দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানোর ব্যাপারে লোলিত মোদি আবেদনও করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড মোদিকে জবাব দেওয়ার জন্য আরও পাঁচ দিন সময় মঞ্জুর করেছে। ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদির আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহর তাঁকে নোটিশের জবাব দেওয়ার জন্য আরও পাঁচ দিন সময় দিয়েছেন।আইপিএলের ফাইনালের দিন রাতে লোলিত মোদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই। তাঁর বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। গত ২৬ এপ্রিল ১৫ দিন সময় দিয়ে কারণ দর্শাও নোটিশ জারি করা হয়। তবে যথার্থ জবাবের স্বার্থে আরও কয়েক দিন সময় চেয়ে শনিবার অনুরোধ জানান মোদি। এ পরিপ্রেক্ষিতে ১৫ মে শনিবার পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড।