আরও পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরও পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। রাজধানীর মহাখালীতে সেবা পরিদপ্তরের নিজস্ব ভবন ও একই এলাকায় নার্সদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নার্স সমাবেশ-২০১১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তরিকভাবে সেবা দেওয়া হলে রোগী অর্ধেকটা ভালো হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ওষুধের চেয়ে সেবা বেশি কাজে লাগে। নার্সদের মমতা দিয়ে রোগীকে সেবা দিতে হবে। রোগীকে ধমক দিলে চলবে না। তিনি নার্সদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, চিকিত্সক চিকিত্সা দিয়ে যা পারেন না, সেখানে একজন দক্ষ নার্স রোগীকে সেবা দিয়েই সুস্থ করে তুলতে পারেন। শেখ হাসিনা বলেন, নার্সিং পেশার প্রতি যথাযথ সম্মান জানানোর জন্যই তাঁদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এর পাশাপাশি নার্সিং পেশাকে যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতিমধ্যে প্রায় ১১ হাজার কমিউনিটি ক্লিনিক আবার চালু করা হয়েছে। বিএনপি সরকার এগুলোর নির্মাণ বন্ধ করে দিয়েছিল। ১৭টি জেলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব জেলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হবে। এতে নার্সদের নতুন পদ সৃষ্টি হবে। দেশেই নয়, বিদেশেও নার্সের প্রচুর চাহিদা রয়েছে। তাই মানসম্পন্ন পেশাদার নার্স তৈরি করা গেলে তাঁদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। উচ্চতর প্রশিক্ষণের জন্য এ পর্যন্ত ১৮৭ জন নার্সকে বিদেশে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য এবং পরিকল্পনাবিষয়ক সেবার পরিধি বহুগুণে বেড়েছে। ৯৭টি মা ও শিশুকল্যাণকেন্দ্র, তিন হাজার ৯০০টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্র এবং ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া সারা দেশে তিন হাজার প্রশিক্ষিত ধাত্রী তৈরির কাজ চলছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি সাবিনা শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন। মানপত্র পাঠ করেন সেবা পরিদপ্তরের প্রকল্প কর্মকর্তা তাসলিমা বেগম। অনুষ্ঠানে ঢাকাসহ সারা দেশের বিভাগীয়, জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে তিন সহস্রাধিক নার্স অংশ নেন।