আরও পারমাণবিক পরীক্ষা, রকেট কর্মসূচি
উত্তর কোরিয়া আরও পারমাণবিক পরীক্ষা চালাবে। একই সঙ্গে রকেট ছোড়ার কর্মসূচিও চালিয়ে যাবে দেশটি। তৃতীয়বারের মতো তারা পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিবাদে তারা এই হুমকি দিয়েছে। আজ শনিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, আজ পরিচয় প্রকাশ না করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞার প্রতিবাদে ভবিষ্যতে পারমাণবিক ও রকেট ছোড়ার কর্মসূচি আরও জোরদার করা হবে। বিবৃতিতে বলা হয়, বিশ্ব এখন পারমাণবিক কর্মসূচি অবিচল দেখতে পাবে। রকেট ছোড়ার কর্মসূচিতেও উত্তর কোরিয়া অটল থাকবে বলে জানিয়েছে।গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের বিরোধিতা হিসেবে দেখছে উত্তর কোরিয়া।জাতিসংঘের কূটনীতিকদের মতে, এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনকে বিপর্যস্ত করবে। কিছু বিশ্লেষকের মতে, এতে তিনি বরং মার্কিনবিরোধী মনোভাব জোরালো করে তুলতে সক্ষম হবেন।