আরও পৌনে তিন ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস যে দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র, এত দিন তা ছিল জ্বালানি খাতসংশ্লিষ্ট বিজ্ঞজনদের অনুমান। বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের ফল সেই অনুমানকে বাস্তব সত্য হিসেবে সবার সামনে উপস্থাপন করেছে।রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি—বাপেক্সের ওই জরিপে তিতাস ক্ষেত্রে গ্যাসের মজুদ (গ্যাস ইন প্লেস) বেড়েছে প্রায় পৌনে তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদ বেড়েছে প্রায় দুই টিসিএফ, যা দেশে বর্তমান হারে দুই বছরের মোট ব্যবহারের চেয়েও বেশি।বাপেক্সের ত্রিমাত্রিক জরিপে সমৃদ্ধ এই গ্যাসক্ষেত্রের তিন হাজার ১০০ মিটার গভীরতার মধ্যকার পুরোনো ১০টি স্তরের চিত্র যেমন স্পষ্টতর হয়েছে, তেমনি পাওয়া গেছে এর ওপরের দুটি এবং প্রায় সাড়ে সাত হাজার মিটার নিচের একটিসহ ছয়টি গভীরতর গ্যাসস্তরের চিত্রও।সব মিলিয়ে ক্ষেত্রটির ১৮টি স্তরে মোট গ্যাসের মজুদ নির্ণীত হয়েছে ১০ টিসিএফেরও বেশি। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ধরা হয়েছে প্রায় সাত টিসিএফ, যা থেকে প্রায় সাড়ে তিন টিসিএফ গত প্রায় ৫০ বছরে তোলা হয়েছে।গতকাল সোমবার বিকেলে পেট্রোবাংলার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপের ওই ফলাফল উপস্থাপন করা হয়। জরিপ দলের প্রধান (পার্টি চিফ) মেহেরুল হাসান ফলাফল উপস্থাপন করেন। এ সময় তিতাস ক্ষেত্রের পরিচালক কোম্পানি—বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামসহ পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, তিতাস শুধু বাংলাদেশের নয়, এই উপমহাদেশের মধ্যে স্থলভাগের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশে গ্যাসের মোট আবিষ্কৃত মজুদ ২২ টিসিএফে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমানে দেশে গ্যাসের মোট মজুদ প্রায় ১৮ টিসিএফ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, বর্তমানে প্রতিদিন ১৮ লাখ টাকার গ্যাস চুরি হচ্ছে। লক্ষাধিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে বিতরণ কোম্পানির কারা জড়িত, সে বিষয়ে পেট্রোবাংলা তদন্ত করছে। সরকার চাইলে পেট্রোবাংলা আবাসিক গ্রাহকদের এখনই নতুন সংযোগ দিতে প্রস্তুত।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ বলেন, এবারের জরিপে প্রথমবারের মতো প্রায় সাড়ে সাত হাজার মিটার গভীরতা পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে। এত গভীরতায় গ্যাসের অবস্থান চিহ্নিত করাও হয়েছে এবারই প্রথম। তবে ভূগর্ভের অতি উচ্চচাপের স্তর (হাই প্রেশার জোন) অতিক্রম করে এখনই ওই স্তর থেকে গ্যাস তোলা কারিগরি কারণে সম্ভব না-ও হতে পারে।তিতাসের অতীত-বর্তমান: ষাটের দশকে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে তিতাস গ্যাসক্ষেত্রের ১০টি স্তর আবিষ্কার করে বিদেশি কোম্পানি শেল অয়েল। তখন ওই ১০টি স্তরে গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ নির্ণয় করা হয়েছিল প্রায় তিন টিসিএফ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মাত্র ৪৫ লাখ ব্রিটিশ পাউন্ড দিয়ে তিতাসসহ পাঁচটি গ্যাসক্ষেত্রের সম্পূর্ণ স্বত্ব কিনে রাখেন।এই ক্ষেত্র থেকে প্রায় তিন টিসিএফ গ্যাস তোলার পর ২০০৩ সালে জ্বালানি মন্ত্রণালয়ের অধীন কারিগরি শাখা—হাইড্রোকার্বন ইউনিটের করা এক সমীক্ষায় ক্ষেত্রটির মোট মজুদ নির্ণয় করা হয় ৭ দশমিক ৩২৫ টিসিএফ।২০০৯ সালে পেট্রোবাংলার করা আরেক সমীক্ষায় ক্ষেত্রটির মোট মজুদ নির্ণীত হয় ৭ দশমিক ২৩২ টিসিএফ।২০১২ সালে বাপেক্সের করা ত্রিমাত্রিক জরিপে ওই ১০টি স্তরে মোট মজুদ নির্ণয় করা হয়েছে ৮ দশমিক ০৫১ টিসিএফ।এ ছাড়া বাপেক্সের ত্রিমাত্রিক জরিপে ক্ষেত্রটিতে নতুন আটটি গ্যাসের স্তর আবিষ্কৃত হয়েছে। এই আট স্তরে মোট মজুদ নির্ণয় করা হয়েছে ২ দশমিক ৬৩ টিসিএফ।আগের ১০টি ও নতুন আটটিসহ মোট ১৮টি স্তরে বাপেক্সের জরিপে নতুন গ্যাস (গ্যাস ইন প্লেস) আবিষ্কৃত হয়েছে ২ দশমিক ৭৮৯ টিসিএফ। এর ৭০ শতাংশ উত্তোলনযোগ্য মজুদ ধরা হয়েছে। এই হিসাবে বাপেক্সের জরিপে তিতাস গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য মজুদ আগের চেয়ে বেশি পাওয়া গেছে প্রায় দুই টিসিএফ।তিতাস গ্যাসক্ষেত্রে আগের ১০টি স্তরে খনন করা মোট ১৬টি কূপ থেকে বর্তমানে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস তোলা হচ্ছে। ত্রিমাত্রিক জরিপের ফলাফলের ভিত্তিতে বাপেক্স ক্ষেত্রটিতে আরও ১১টি কূপ খননের পরামর্শ দিয়েছে।এর মধ্যে একটি কূপ (১৮ নম্বর) খননের স্থান পরিবর্তনেরও পরামর্শ দিয়েছে বাপেক্স। কারণ, পূর্বনির্ধারিত স্থানে খনন করা হলে কূপটি একটি গ্যাসাধারের এক প্রান্তে পড়ে যাওয়ায় আশানুরূপ গ্যাস পাওয়া যাবে না।‘অ্যাপ্রাইজাল অব গ্যাস ফিল্ডস (থ্রি-ডি সাইসমিক)’ শীর্ষক একটি প্রকল্পের অধীনে বাপেক্স রাষ্ট্রীয় মালিকানাধীন রশিদপুর, কৈলাসটিলা, হরিপুর, তিতাস ও বাখরাবাদ—এই পাঁচটি ক্ষেত্রের মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত সংগ্রহ প্রায় ছয় মাস আগে শেষ করেছে। বাড়তি হিসেবে ইতিমধ্যে সালদা ক্ষেত্রেও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ সম্পন্ন করেছে তারা। এর মধ্যে প্রথম চারটি ক্ষেত্রের তথ্যাদি বিশ্লেষণ করে ফলাফল ঘোষণা করা হয়েছে। বাখরাবাদ ও সালদার ফলাফলও শিগগিরই ঘোষণা করা হবে।