আরও পড়তে চাই, চাকরি করতে চাই
‘গরম কাল এলে রাতে ঘুমাতে পারি না। শরীর জ্বালাপোড়া করে। প্রায়ই অসুস্থ থাকি। এসিডে ঝলসে যাওয়া ক্ষত এখনো শুকায়নি। তার ওপর অপরাধীর বিচার হয়নি। বিচার পামু কি না, তা নিয়ে সন্দেহ আছে। আল্লাহ যদি তাঁর বিচার করেন। তবেই হয়তো শান্তি পাব। এতসব যন্ত্রণার পরও পড়াশোনাটা চালিয়েছি। প্রথম আলোর শিক্ষা বৃত্তির কারণে পড়াশোনাটা চলছে। সবার দোয়া ও সহযোগিতায় আমি এসএসসি পাস করেছি। আগামী দিনে আরও পড়াশোনা করে চাকরি করতে চাই। পরিবারের দুঃখ মুছে দিতে চাই।’ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এসিডদগ্ধ শারমিন আক্তার এভাবেই তাঁর সুন্দর আগামীর স্বপ্নের কথা শোনালেন। শারমিন এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ তিন দশমিক শূন্য ছয় পেয়েছে। ২০০৬ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রথম আলো তাঁর পড়াশোনা বাবদ প্রতি মাসে এক হাজার টাকা বৃত্তি দিয়ে আসছে। ওই টাকা দিয়েই দরিদ্র পরিবারের শারমিন পড়াশোনা করছে। শারমিনের ওই সাফল্যে পুরো পরিবারজুড়েই আনন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুরও শারমিনের ফলাফলে খুশি।জানা গেছে, ২০০৪ সালের ১৯ আগস্ট রাত ১টায় নাঙ্গলকোট উপজেলার কাদবা রেজি. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার এসিড-সন্ত্রাসের শিকার হন। জমি জমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর বাবার চাচাতো ভাই তাঁকে এসিড ছুড়ে মারে। এসিডে শারমিনের মুখ, বুকসহ সারা শরীর ঝলসে যায়। ঢাকা মেডিকেল কলেজে তিন মাস এবং এসিড সারভাইবারস ফাউন্ডেশনে দুই দফা দেড় মাস চিকিৎসার পর এলাকায় ফিরে আসে। ওই কারণে তাঁর এক বছর পড়াশোনা বন্ধ থাকে। মা বাবা, ছয় ভাই ও দুই বোনের মধ্যে শারমিন পঞ্চম। একদিকে দারিদ্র্যের সঙ্গে লড়াই, অন্যদিকে মামলা নিয়ে দৌড়াদৌড়ি—এ অবস্থায় পরিবারটি নাকাল হয়ে পড়ে। কিন্তু অপরাধীর বিচার হয়নি। বিচারের দাবিতে শারমিনের বাবা আবদুল মতিন ও মা মাফিয়া খাতুন এখনো দ্বারে দ্বারে ঘুরছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এসিড-সন্ত্রাসী জামাল উদ্দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে দিব্যি চাকরি করছেন। শারমিনরা দরিদ্র হওয়ায় মামলাও এগুচ্ছে না। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। নথিপত্র ঘেঁটে মামলার অগ্রগতি সম্পর্কে জানব। তবে এসিডের মামলায় শাস্তি হওয়া কথা।’