আরও বাঙালি নিধনে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নির্মম ও অত্যাচারী শাসনযন্ত্রকে আরও অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার যে সিদ্ধান্ত (যুক্তরাষ্ট্র) সরকার নিয়েছে, তা একই সঙ্গে অদূরদর্শী ও অমানবিক।কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তর পাকিস্তানে অস্ত্র সরবরাহের প্রক্রিয়াটি বন্ধ করে দিলে তাকে অবরোধ এবং অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো আখ্যা দিয়ে পাকিস্তান সরকার অসন্তোষ প্রকাশ করতে পারে। আমরা জানতে চাই, যে অবরোধ আমরা চাচ্ছি, তা নির্বিচার খুন এবং গণহত্যার প্রেক্ষাপটে এতই কি নিন্দনীয়? পূর্ব পাকিস্তানের অসহায় মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বাধীন সেনাবাহিনী যে নিপীড়ন চালিয়ে যাচ্ছে, সেখানে অবরোধ প্রত্যাশা কি সঠিক নয়?২৫ মার্চের বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণে পাকিস্তানের সেনাবাহিনী দুই লাখ বাঙালিকে হত্যা করেছে, আর ৬০ লাখ মানুষকে প্রাণের ভয়ে শরণার্থী হিসেবে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। এ ধরনের শাসন অব্যাহত রাখতে আরও অস্ত্র পাঠানোর কোনো নৈতিক যৌক্তিকতা নেই।অযৌক্তিককে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠায় পররাষ্ট্র দপ্তরের কোনো জুড়ি নেই। এখন তারা ব্যাখ্যা করছে, অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দিলে পাকিস্তানের কাছ থেকে যে সুবিধা যুক্তরাষ্ট্র পেয়ে থাকে, তা আর বহাল থাকবে না—যদিও এখন আমরা সে রকম কোনো সুবিধাই পাচ্ছি না।আর আমাদের অস্ত্রের চালান বন্ধ করে দিলে পাকিস্তান কমিউনিস্ট চীনের মতো দেশের দিকে হাত বাড়াবে। পররাষ্ট্র দপ্তর অবশ্য স্বীকার করেছে, চীন পাকিস্তানে অস্ত্র সরবরাহ কখনোই বন্ধ করেনি।ম্যাসাচুসেটসের ডেমোক্রেট সদস্য অ্যাডওয়ার্ড কেনেডি বলেছেন, এটা দ্বিমুখী বক্তব্য অথবা অযোগ্যতা কিংবা উভয়ই। তিনি ঠিকই বলেছেন।পাকিস্তানের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, সে প্রশ্নে আমাদের আন্তর্জাতিক সহযোগীদের কেউই যুক্তরাষ্ট্রের মতো মুখচোরা নয়। বিশ্বব্যাংক, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম ও অন্যরা মনে করছে, যত দিন না পাকিস্তানের সামরিক শাসক পূর্ব পাকিস্তানে একটি রাজনৈতিক সমাধানে উপনীত হচ্ছে, তত দিন অর্থনৈতিক সহযোগিতা স্থগিত রাখা প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।সন্দেহ নেই, পাকিস্তান অত্যন্ত দরিদ্র এবং প্রাপ্ত সাহায্যের পুরোটাই তার কাজে লাগবে। কিন্তু এ সময় সাহায্য প্রদানের সমস্যা হচ্ছে, এটা সরকারকে সমর্থন জোগাবে এবং পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর দখল বজায় রাখতে সাহায্য করবে।পাকিস্তানের ইতিহাসে একমাত্র হস্তক্ষেপমুক্ত নির্বাচনে পূর্ব পাকিস্তানের বাঙালিরা স্বশাসনের পক্ষে নিরঙ্কুশ ভোটাধিকার প্রয়োগ করেছে। বিনিময়ে তারা পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছে গণহত্যার মতো আঘাত, যা এখনো নির্লজ্জের মতো তারা চালিয়ে যাচ্ছে।ইতিহাস বলে, তবু পশ্চিম পাকিস্তান এক হাজার মাইল দূর থেকে চিরদিন বাঙালিদের আজ্ঞাবহ হিসেবে রাখতে পারবে না।পাকিস্তানে অস্ত্র পাঠিয়ে আমরা যা করছি, তা বাঙালিদের চিরকাল মনে করিয়ে দেবে, তাদের প্রিয় বাংলাদেশের জন্মযন্ত্রণার সময় আমেরিকার অস্ত্র তাদের হত্যা করেছে।(৩০ জুন ১৯৭১-এ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন