এই দেশের সমস্যার অন্ত নেই। কিন্তু সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে সব প্রতিকূলতা অতিক্রম করে একদিন এ দেশও পৌঁছে যাবে উন্নতির শিখরে। জাতীয় সমাবেশে এসে সমাজ ও দেশের উন্নতির জন্য আগের চেয়ে বেশি বেশি কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করলেন প্রথম আলোর পাঠকদের সংগঠন বন্ধুসভার সদস্যরা।‘আলোকিত নবীন নেতৃত্বে আলোকিত দেশ’ স্লোগান সামনে রেখে গত শুক্রবার সকালে গাজীপুরের মৌচাকের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় দুই দিনব্যাপী ‘বন্ধুসভা সমাবেশ ২০১০’। স্কাউটদের মতো করে বন্ধুরা একসঙ্গে থেকেছেন, একসঙ্গে খেয়েছেন, একসঙ্গে আনন্দ করেছেন, একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। বন্ধুসভার সমাবেশ এর আগেও হয়েছে। কিন্তু এবারই বৃহৎ পরিসরে ও নানা আয়োজনে একাধিক দিন ধরে সমাবেশ অনুষ্ঠিত হলো।৬৪টি জেলা থেকে বন্ধুসভার প্রায় এক হাজার ৭০০ বন্ধু এই সমাবেশে যোগ দেন। প্রথম দিন শেষে মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে রাত কাটিয়েছেন বন্ধুরা। শীতের এই সময়েও আড্ডা আর পারস্পরিক কথোপকথনে কখন যে রাত ভোর হয়ে গেছে—টের পাননি অনেকে। গতকাল শনিবার রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয় এই বন্ধুসভা সমাবেশের। বন্ধুদের আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস আর বিশিষ্টজনদের নানা বিষয়ে উপস্থাপনায় জমজমাট এই আয়োজন শেষে আজ রোববার বন্ধুরা সবাই ফিরে যাবেন।শুক্রবার জাতীয় ও বন্ধুসভার পতাকা উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা শ্রেষ্ঠ তরুণ-তরুণী। তারা সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। প্রথম আলোর সাফল্যের পেছনে বন্ধুসভার সদস্যদের অনেক অবদান রয়েছে।’ তিনি জানান, কুড়িগ্রামের প্রথম আলোর চরের মতো নিঝুম দ্বীপেও একটি স্কুল করার পরিকল্পনা আছে প্রথম আলোর। এরপর সারা দিন নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা।গতকাল সমাবেশের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় দিনের কর্মসূচি। শুরুতেই স্কাউটের প্রধান জাতীয় কমিশনার এবং বিদ্যুৎ ও জ্বালানিসচিব আবুল কালাম আজাদ ‘স্কাউটদের দায়িত্ব ও কর্তব্য’ সম্পর্কে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই চেষ্টা করব ভালো মানুষ হওয়ার জন্য। এই উদ্দেশ্যেই এখানে আসা।’বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন। তাঁর বক্তব্যের বিষয়বস্তু ছিল, ‘আমরা কেন বই পড়ব’। বন্ধুদের মধ্যে এই শিক্ষাবিদের জনপ্রিয়তা বোঝা গেছে, যখন তিনি মঞ্চে ওঠেন। বন্ধুদের হাততালি আর উল্লাস যেন থামতেই চাইছিল না। অধ্যাপক সায়ীদ তাঁর স্বভাবসুলভ গল্পের ছলে বললেন অনেক কথা। বন্ধুদের উদ্দেশে দিলেন নানা পরামর্শ। তাঁদের মধ্যে সঞ্চার করতে চাইলেন এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, যে যেই বিষয়েই কাজ করুক না কেন, সবাইকে সবচেয়ে সফল হওয়ার চেষ্টা করতে হবে। লক্ষ্য নির্ধারণ করতে হবে অনেক উঁচুতে। আর কাজ করে যেতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। কত টাকা দরকার—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু টাকার তো দরকার আছেই। তবে একটি পর্যায়ের পরে আর দরকার নাই।’ দেশকে এগিয়ে নিয়ে যেতে কী করা উচিত—এমন প্রশ্নের জবাবে খুব সহজ, একই সঙ্গে কঠিন এক সমাধান দেন তিনি। বলেন, ‘নিজের কাজটা সবচেয়ে সুন্দরভাবে সম্পন্ন করা উচিত। আমরা সবাই যদি নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করি, সেটাই শ্রেষ্ঠ দেশপ্রেম হবে; আর তা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন পরিবারকে ভালোবাসতে বন্ধুদের পরামর্শ দেন। তিনি বলেন, ‘পরিবারকে ভালোবাসলে নিজেকে, সমাজকে আর দেশকে ভালোবাসা যাবে। যে পরিবারকে ভালোবাসে, সে রাস্তার পাশে দাঁড়িয়ে ইভ টিজিং করতে পারে না।’এরপর মঞ্চে আসেন আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পরই বন্ধুরা বিপুল হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। তিনিও জীবনে সাফল্যের বিভিন্ন কৌশল সম্পর্কে কথা বলেন, বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পড়ালেখা করার পাশাপাশি কল্পনাশক্তি বাড়ানোর ওপর জোর দেন তিনি। বিজ্ঞানী আইনস্টাইনের কথা উদ্ধৃত করে তিনি বলেন, ‘কল্পনাশক্তি জ্ঞানের চেয়ে বড়। কল্পনাশক্তি বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে মজার আর আনন্দের হচ্ছে অন্যের জন্য কিছু একটা করা।’উপভোগ্য এই বক্তৃতাপর্ব শেষে বন্ধুসভার সদস্যদের দৃষ্টিনন্দন দেয়ালপত্রিকার প্রদর্শনী হয়। সারা দেশে বন্ধুসভার বিভিন্ন শাখার করা দেয়ালপত্রিকা থেকে শ্রেষ্ঠ ১০টিকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো: সিলেট, উল্লাপাড়া (সিরাজগঞ্জ), চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ।এরপর আগামী দুই বছরের জন্য বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নতুন কমিটি ঘোষণা করেন প্রথম আলোর উপসম্পাদক ও বন্ধুসভার সাবেক সভাপতি আনিসুল হক। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুন নূর তুষার আর সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। এরপর ক্লোজআপ তারকা পুলকের সংগীত পরিবেশনা বন্ধুদের উদ্বেল করে। তাঁরা গানের তালে তালে নেচে উল্লাস করেন। গান শেষে মধ্যাহ্নভোজের বিরতি। আসলে বিরতি বলা যাবে কি? বিরতি চলাকালে বন্ধুরা পরিবেশন করেন গান, আবৃত্তি। তাঁদের উপস্থাপনা চলে ‘বিরতি’ শেষ না হওয়া পর্যন্ত। এর ফাঁকে অবশ্য একে একে বন্ধুরা তাঁদের রসনাবিলাস শেষ করে নেন।বিরতির পর বেলা তিনটা থেকে শুরু হয় সমাবেশে অংশ নেওয়া বন্ধুদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় বন্ধুসভার বিভিন্ন শাখা মুক্তিযুদ্ধ ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে নাটিকা, নাচ, কৌতুক পরিবেশন করে। সন্ধ্যার পর একাত্তরের চিঠি বইয়ের একটি চিঠি নাটকের মাধ্যমে উপস্থাপন করেন একদল বন্ধু। এর এক ফাঁকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ‘নারীর প্রতি সম্মান’ বিষয়ে বক্তব্য দেন। প্রথম দিনের কর্মসূচি: প্রথম দিন উদ্বোধনী পর্বের পর বক্তব্য দেন বন্ধুসভার পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আনিসুল হক, নতুন সভাপতি আব্দুন নূর তুষার, বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ দেশের অনেক বিশিষ্টজন এবং অভিনয় ও সংগীতশিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।দুপুর সাড়ে ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপস্থাপিত হয় বটতলার নাটক। বন্ধুসভার বিভিন্ন শাখা এ সময় মুক্তিযুদ্ধ ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে নাটিকা উপস্থাপন করে।বিকেলে অনুষ্ঠিত হয় বন্ধুদের নিয়ে ‘ফান বক্স’। বিভিন্ন বিষয়ে মজার আলোচনা, জাদু, কৌতুক আর একক অভিনয় বন্ধুদের আনন্দে ভাসায়। গায়ক মাহমুদুজ্জামান বাবু ও অভিনেতা চঞ্চল চৌধুরী গান পরিবেশন করেন। এ ছাড়া কাপ্তাই বন্ধুসভার ইরা, নবাবগঞ্জ বন্ধুসভার আলম কবিতা আবৃত্তি এবং কালিয়াকৈর বন্ধুসভার ফরহাদ হোসেন গান পরিবেশন করেন। অনুষ্ঠান চলে রাত ১২টা পর্যন্ত। এরপর বন্ধুরা বিশ্রাম নিতে যাঁর যাঁর তাঁবুতে ফিরে যান। এর আগে সন্ধ্যার পর ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে কথা বলা’ শিরোনামে বক্তব্য দেন মনোরোগ বিশেষজ্ঞ মুহিত কামাল আর মাদকাসক্তি নিরাময়কেন্দ্র আপন-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহুজাল। ‘বদলে যাওয়ার গণিত ও বিজ্ঞান’ নিয়ে কথা বলেন গণিতবিদ মুনির হাসান।কয়েকজন বন্ধুর কথা: সমাবেশে এসে বন্ধুরা যে কেবল আনন্দ করেছেন, তা-ই নয়; এখান থেকে তাঁরা নিয়ে যাবেন অনেক অভিজ্ঞতা আর জ্ঞান। যশোর বন্ধুসভার সদস্য মাকসুদা ও মাজিয়া এ্যানি বলেন, এখানে এসে তাঁরা অনেক নতুন বন্ধু পেয়েছেন। অনেক বিশিষ্টজনের সঙ্গে কথা হয়েছে। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তাঁরা। এসব অভিজ্ঞতা আর জ্ঞান তাঁরা চলার পথে কাজে লাগাবেন।রাজশাহী বন্ধুসভার নোমান শিবলু ও আবদুল হালিম তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তাঁরা সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন জীবনযাপনের অনেক কিছু শিখেছেন।কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধু জিয়াউর রহমান বলেন, ‘আমরা প্রথম আলোর চরের মানুষদের সহযোগিতা করেছি, তাদের বিপদে এগিয়ে গেছি। গত দুই দিনের সমাবেশে যোগ দিয়ে যা শিখেছি, ভবিষ্যতে তা কাজে লাগিয়ে আমরা আরও বেশি গতিশীলভাবে কাজ করতে পারব।’