আরও বড় আয়োজনের কথা ভাবা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. সিরাজুল ইসলাম একটি অপ্রিয় সত্য কথা বলেছেন। বইয়ের মুদ্রণ সহজ হওয়ায় মলাটসর্বস্ব অনেক বই বেরোচ্ছে। এ ধরনের বই লেখা ও প্রকাশকে তিনি ‘ঠকবাজি’ আখ্যা দিয়েছেন। আমি তাঁর সঙ্গে সহমত পোষণ করি। মেলায় ভালো-মন্দ দুই রকম বই-ই বিক্রি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সংবাদপত্র বা টিভি চ্যানেলে গড়পড়তা বই নিয়ে মাতামাতি হচ্ছে। এতে পাঠক বিভ্রান্ত হচ্ছেন।এই বিভ্রান্তি থেকে পাঠককে বাঁচানো দরকার। গণমাধ্যমগুলো সমালোচক ও বিদ্বজ্জনের সাহায্যে ভালো বই বাছাই করে সেগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করতে পারে। পাঠক এতে ভালো বইয়ের খোঁজ পাবেন; কোন বইটি কিনবেন, সেটাও ঠিক করে নেওয়ার সুযোগ পাবেন।শোনা যাচ্ছে, আগামী বছর বইমেলার পরিসর বাড়ানো হবে। সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ও দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত মেলা বিস্তৃত হবে। এতে মেলার মস্ত লাভ হবে। সে ক্ষেত্রে বাংলা একাডেমীর প্রাঙ্গণে শুধু ‘ক’ শ্রেণীর প্রকাশক ও সরকারি সংস্থার বড় মাপের (অন্তত তিন ইউনিট) স্টল বরাদ্দ করা যায়। এতে খালি জায়গা বাড়বে। পাঠক নেড়েচেড়ে বই কিনতে পারবেন। মেলায় বসে আড্ডা দেওয়াটাও সম্ভব হবে।বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন একটা অর্থহীন অনুষ্ঠান। এখানে শৃঙ্খলা বজায় রাখাও প্রায় অসম্ভব। বরং বইমেলার ভেতরে ছোট মণ্ডপে প্রকাশনা উৎসব করা ভালো। ঢালাওভাবে প্রকাশনা উৎসবের অনুমতি না দিয়ে একে শুধু নির্বাচিত বইয়ের মধ্যে সীমিত করা উচিত। লেখক কুঞ্জে খুব যে আড্ডা হয়, এমন নয়। এই জায়গাটিকে প্রকাশনা উৎসবের জন্য ভাবা যেতে পারে।আরেকটা ভিন্ন প্রস্তাব দেব। বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিশু একাডেমীও নানা উদ্যোগ নিতে পারে। বইমেলা তো বাংলা একাডেমীর একার জিনিস নয়। ভাষার মাসজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা অনুষ্ঠানের আয়োজন করতে পারে। শিশু একাডেমীও এর চত্বরে শিশুদের উপযোগী ছড়া-গান-ছবির উদ্যোগ নিতে পারে। একুশের মহোৎসবে সবার অংশ নেওয়ার সুযোগ থাকা দরকার।শুধু ঢাকায় বইমেলা করা যথেষ্ট নয়। সংস্কৃতি মন্ত্রণালয় দেশের অন্য জেলাগুলোর প্রতি অবিচার করছে। প্রতিবছর স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে মার্চ মাসে একটি বিভাগীয় শহরে বইমেলার আয়োজন করতে পারে জাতীয় গ্রন্থকেন্দ্র। বইকে সারা দেশে ছড়িয়ে দিতে জেলাভিত্তিক বইমেলার কোনো বিকল্প নেই।মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী