আরও বড় দুর্যোগ এড়াতে নির্মাণ আইন মানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আরও বড় দুর্যোগ এড়াতে ভবন নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরে আইনকানুন মেনে চলতে হবে। ঝুঁকি মোকাবিলায় ঢাকাবিষয়ক বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘সাভার ট্র্যাজেডি: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী এ অভিমত দেন। গোলটেবিলের অন্য আলোচকেরা ত্রুটিপূর্ণ ভবন নির্মাণকারীদের শাস্তি, দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল গঠন, ফায়ার সার্ভিসকে আরও যন্ত্রপাতি কিনে দেওয়াসহ বিভিন্ন সুপারিশ করেন।জামিলুর রেজা চৌধুরী বলেন, নিরাপত্তার স্বার্থে প্রতিটি ভবনের অনুমোদনের সনদ ও ব্যবহার সনদ (কী উদ্দেশ্যে ভবনটি নির্মিত হয়েছে এবং সব ধরনের শর্ত পালন করা হয়েছে কি না) প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। রাজউক এ জন্য ‘কুইক স্ক্যান’ (দ্রুত যাচাইয়ের ব্যবস্থা) পদ্ধতি চালু করতে পারে। ড্যাপের অস্পষ্টতা দূর হওয়া প্রয়োজন মন্তব্য করে জ্যেষ্ঠ এই প্রকৌশলী বলেন, ‘এক দিন একটি প্রজ্ঞাপন জারি হয়, দুই দিন পর আরেকটি। এ সুযোগে ডেভেলপাররা বাড়তি ঝুঁকি তৈরি করছে। এতে করে আমরা ভবিষ্যতে বড় বড় ঝুঁকির সম্মুখীন হতে পারি।’ প্রসঙ্গত, ড্যাপ নিয়ে অস্পষ্টতার কারণে সাভারের বিধ্বস্ত রানা প্লাজার অনুমোদনের দায়িত্ব আসলে কার, সে নিয়ে বিতর্ক হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, ভবনটির অনুমোদন দিয়েছিল সাভার পৌরসভা। দায় তাদেরই। সমালোচকেরা বলছেন, ড্যাপ অনুযায়ী সাভারের এই ভবনটির অনুমোদনের দায়িত্ব ছিল রাজউকের। তাই তারা দায় এড়াতে পারে না। অন্যদিকে রাজউকের বক্তব্য হচ্ছে, পৌরসভাগুলো তাদের এলাকায় রাজউকের খবরদারি পছন্দ করে না। আলোচনার শুরুতে সাভারের ভবনধসে নিহত লোকজনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তা ছাড়া যাঁরা জীবন বাজি রেখে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আলোচনায় রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, বহু আবাসন-প্রতিষ্ঠান আইন মানছে না। সে কারণে ঝুঁকিপূর্ণ ভবন তৈরি হচ্ছে। অনেকে নকশা অনুমোদন করছে পাঁচ-সাততলার, ভবন তুলছে ২০-২২ তলা পর্যন্ত। রাজউক নোটিশ দিলে আবাসন-প্রতিষ্ঠানগুলো হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসে। রাজউক তিনটি ভ্রাম্যমাণ আদালত করেছে উল্লেখ করে নূরুল হুদা বলেন, আবাসন-প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাব মামলা করে ভ্রাম্যমাণ আদালতও বন্ধ করে দিয়েছিল। জনবল-সংকটের জন্য তাঁরা কাজ করতে পারছেন না। বৈঠকে বেশির ভাগ আলোচক রাজউকের ভূমিকার সমালোচনা করেন। স্থপতি ও প্রকৌশলীদের সই জাল করে নকশা অনুমোদন করা হয় বলেও তাঁরা অভিযোগ করেন। তাঁরা বলেন, আবাসিক ভবন হিসেবে অনুমোদন নিয়ে সেটিকে শিল্পের কাজে লাগানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, সাভার এলাকায় ভবন অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন পাঁচজন। তাঁরা দায়িত্ব পালন করেননি। মাঠপর্যায়ে ভবন জরিপ খুব জরুরি। ইকবাল হাবিব প্রশ্ন তোলেন, রানা প্লাজার মতো ত্রুটিপূর্ণ একটি ভবন কী করে শ্রম, শিল্প, বিজিএমইএ, ফায়ার সার্ভিস ও পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেল। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ চূড়ান্ত অনুমোদন না নিয়ে ভবন তৈরি করেছিল। রাজউক দুই প্রধানমন্ত্রীকেই বিষয়টি জানাতে পারত। তারা তাদের দায়িত্ব পালন করেনি। অজ্ঞতা, লোভ আর পেশিশক্তির জোরে সব অনিয়ম হচ্ছে। বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সেক্রেটারি জেনারেল আবু সাদেক বলেন, ভবন নির্মাণের আগে যে প্রতিষ্ঠানগুলো মাটি পরীক্ষা করে, তাদের একটি নিয়ন্ত্রণকারী সংস্থার অধীনে আনা দরকার। রিহ্যাবের সাবেক সভাপতি ও সেল হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল রানা প্লাজার স্তম্ভ ও ছাদের দুটি টুকরা দেখিয়ে বলেন, ইট, বালু, সুরকির পরিমাণ একেবারেই ঠিক ছিল না বলে ভবনটি ধসে পড়ে। তিনি প্রকৌশলীদের সমালোচনা করে বলেন, প্রকৌশলীরা কাজের গোড়ায় যেতে চান না, তাঁরা কর্মকর্তা হতে চান। আইনে তাঁদের দায়বদ্ধতা নির্ধারণ করা দরকার। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ বলেন, প্রতিটি দুর্ঘটনার পরই আইনকানুনগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে কীভাবে ক্ষয়ক্ষতি কমানো যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজউক ভবনের অনুমোদন দেবে, না পৌরসভা দেবে—সে বিষয়ে আইনের যে দ্বৈততা, তা একটা বৈঠকেই শেষ হওয়া সম্ভব। তিনি বলেন, ‘সরকার বিজিএমইএকে জামাই আদর করছে। বহু দেশে পোশাকশিল্প-কারখানা আছে। সেখানে ভবন এমন হুড়মুড় করে ধসে পড়ে না। রানা প্লাজা ধসের পর বিজিএমইএ নকশা চেয়ে পাঠিয়েছে। এই দায়িত্ব ছিল রাজউকের।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী আহম্মদ আনসারীও রাজউককে সব পোশাক কারখানার কাছে মাটি পরীক্ষার প্রতিবেদন ও নকশা চাওয়ার আহ্বান জানান। এ ছাড়া ঢাকা শহরের কোন জায়গার মাটি কেমন, সে-সম্পর্কিত মানচিত্রটি রাজউকের ওয়েবসাইটে তুলে দেওয়ার অনুরোধ করেন। সারা দেশে যেসব ভবন নির্মিত হচ্ছে, সেগুলো নিয়ম মেনে হচ্ছে কি না, তা দেখতে একটি স্বতন্ত্র কমিশন গঠনের আহ্বান জানান আনসারী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মদ খান বলেন, পোশাকশিল্প-কারখানাগুলো ফায়ার সনদ নেওয়ার পর নিজেরাই লোড বাড়িয়ে নেয়। স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও কিছু হালকা সরঞ্জাম দিতে পারলে দুর্যোগে আরও বেশি জীবন বাঁচানো সম্ভব হবে। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এতে উপস্থিত ছিলেন।