এবারের কাউন্সিল বৈঠকটি অন্যবারের চেয়ে একটু আলাদা। আঞ্চলিক ভেন্যুর সফলতা-ব্যর্থতা আর ভালো-মন্দ দিক নিয়ে আগে মৌখিক আলোচনা হতো। এবার বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বৈঠকে লিখিত মূল্যায়ন প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে আঞ্চলিক ভেন্যু ব্যবস্থাপনার নানা দিক ফুটে উঠেছে। এরই আলোকে আগামী বছর আঞ্চলিক গণিত উৎসব আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা। একই সঙ্গে ২০১২ সালে বাড়ছে তিনটি আঞ্চলিক ভেন্যু। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।১১ ফেব্রুয়ারি সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় আয়োজিত জাতীয় গণিত উৎসব-২০১১-এর উদ্বোধনী দিনে ওই বৈঠক হয়। বৈঠকে প্রথম আলোর সারা দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো নবম জাতীয় গণিত উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।সকাল সাড়ে ১০টায় প্রবীণ গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামানের সভাপতিত্বে কলেজের একটি শ্রেণীকক্ষে ওই বৈঠক শুরু হয়। শুরুতে কাউন্সিল বৈঠকের প্রেক্ষাপট ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এরপর চলে উন্মুক্ত আলোচনা। ওই আলোচনায় নানা ধরনের প্রস্তাব আসে। এরপর সেখান থেকে কিছু প্রস্তাব গ্রহণ করা হয়, যা অলিম্পিয়াড কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানানো হয়। জানা গেছে, ২০১২ সালে দিনাজপুর, পটুয়াখালী ও নোয়াখালীতে তিনটি আঞ্চলিক ভেন্যু হবে। এসব ভেন্যুসহ সব ভেন্যুতেই সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে প্রতিবছর ১৭ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে আটটি আঞ্চলিক উৎসব করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া, গণিত উৎসবের মূল পর্ব গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের দেখাদেখি বন্ধ করার ওপর জোর দেওয়া হয়। অঙ্ক করার সময় কোনো শিক্ষার্থী দেখাদেখি করলে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওই শিক্ষার্থীর অংশগ্রহণ সনদ বাতিল করার সিদ্ধান্ত হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক লুৎফুজ্জামান বলেন, ‘গণিত উৎসবের ব্যাপ্তি গ্রামের দিকে ছড়িয়ে দিতে হবে। এর সঙ্গে শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষকেরাই পারেন গণিত উৎসবকে সার্বজনীন উৎসবে রূপ দিতে। তাই গ্রামাঞ্চলে গণিত অলিম্পিয়াডের প্রচারণা বাড়াতে হবে। বছরব্যাপী ছোট ছোট গণিত অলিম্পিয়াড করতে হবে।’ প্রথম আলো অনলাইনের বিভাগীয় প্রধান সেলিম খান মতামত ব্যক্ত করে বলেন, ‘রেজিস্ট্রেশনের সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হবে অলিম্পিয়াডে দেখাদেখি করলে বহিষ্কার করা হবে। তবেই শিক্ষার্থীরা সচেতন হবে।’মুনির হাসান বলেন, ‘দেশব্যাপী গণিত ক্লাবের মাধ্যমে গণিতের ক্যাম্প করতে হবে। যেহেতু শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, তাই বাছাই করে এক হাজার শিক্ষার্থীকে আঞ্চলিক ভেন্যুতে নাম নিবন্ধন করাতে হবে।’কাউন্সিল বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন বিভাগের বিভাগীয় প্রধান সেলিম খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবিন, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক, বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান, রাঙামাটির নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা, কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, সিলেটের প্রতিনিধি সুমন কুমার দাশ, বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি কামরুজ্জামান, যশোর প্রতিনিধি মনিরুল হক, গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা ও প্রথম আলোর বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।গাজীউল হক