‘আমার জীবনে এই প্রথম এত ছাত্রছাত্রীর সঙ্গে পরীক্ষা দিলাম। সব প্রশ্নের জবাব দিতে পারিনি। তবে এরপর প্রস্তুতি নিয়েই আসব। প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে আরও ভালো করতে পারব।’ ঢাকার অদূরে মানিকগঞ্জের চর শ্যামনগর গ্রামের সাহরাইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফিরোজ আহমেদ এভাবেই তার অনুভূতি প্রকাশ করে। সপ্তম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে সে ঢাকায় এসেছিল। ফিরোজের মতো ভবিষ্যতে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই। গতকাল শুক্রবার ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ভাষা প্রতিযোগ। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম বলেন, বাংলা ভাষার মানমর্যাদা গোটা দুনিয়াজুড়ে। বুঝে-শুনে, সততা ও সচেতনতার সঙ্গে মাতৃভাষার ব্যবহার করতে হবে। কোনোভাবেই এই ভাষার মানমর্যাদা ক্ষুণ্ন বা এটাকে বিকৃত করা যাবে না। রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান খান বলেন, ‘প্রথম আলো শুধু সংবাদই প্রকাশ করে না, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তরুণদের প্রতিভা বিকাশের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আমরাও আনন্দিত।’ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হলেও আমরা অনেক কিছু করতে পারিনি। তাই নিজেদের বদলানোর মধ্য দিয়ে দেশকে বদলে দিতে হবে।’ তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এসো, আমরা সেই বদলে যাওয়ার এবং বদলে দেওয়ার শপথ গ্রহণ করি।’ এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা শুধু ব্যাংকিং করি না, বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকতে চাই। সাত বছর ধরে এইচএসবিসি প্রথম আলোর সঙ্গে ভাষা প্রতিযোগ করছে।’ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে যুক্ত থাকার কথা জানান তিনি। এবার ঢাকার ৬০টি স্কুলের প্রায় এক হাজার ১০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। তারা বাংলা ভাষা ও সাহিত্য এবং গল্প ও কবিতার ওপরে আধা ঘণ্টা সময়ে ৩৫ নম্বরের ওপর পরীক্ষা দিয়েছে। এর আগে অংশগ্রহণকারী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নিম্নমাধ্যমিক, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে উচ্চমাধ্যমিক—এই চারটি পর্বে ভাগ করা হয়। প্রতিটি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছিল পৃথক পৃথক প্রশ্নপত্র। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শীর্ষ নম্বর পাওয়া ৬০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতদের একটি করে সনদ, মেডেল ও বই উপহার দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে প্রাথমিকে প্রথম হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দীপান্বিতা বিশ্বাস, দ্বিতীয় হয়েছে সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো. ইশরাক আহমেদ এবং তৃতীয় হয়েছে এসওএস হারম্যান মেইনার স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো. তাজমীম রেজা। নিম্নমাধ্যমিক পর্বে প্রথম হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কাজী সায়মূল রেজা, দ্বিতীয় হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর আনিকা তাহমিনা ও তৃতীয় স্থান অধিকার করেছে মনিপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কাজী আজমাইন হক। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে মনিপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর সুবাহ্ সামররু সিমান্তী, দ্বিতীয় হয়েছে হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর হোমায়রা আসিফ এবং তৃতীয় হয়েছে রাজধানী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর পৃথুলা হূদি। উচ্চমাধ্যমিক পর্বে প্রথম হয়েছে নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর সৌরভ কুমার মণ্ডল, দ্বিতীয় হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর অরূপ চক্রবর্তী ও তৃতীয় হয়েছে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর সাদিকা ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা ১১টায়। শুরুতে শারমিন সাথী ইসলাম ও বুলবুল ইসলাম সংগীত পরিবেশন করেন। এই পর্বে প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যারা নিজেদের গড়ে তুলতে চাও, তারা প্রচুর বই পড়বে। সেরা সংগীত শুনবে, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র দেখবে।’ এর পরই শিক্ষার্থীরা মঞ্চে থাকা শিক্ষক ও শিক্ষাবিদদের প্রশ্নবাণে জর্জরিত করেন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর দীপান্বিতা বিশ্বাসের প্রশ্ন, ‘ব্যাকরণে পূর্ণ নম্বর পাওয়া যায়, কিন্তু গদ্যে কেন পূর্ণ নম্বর পাওয়া যায় না?’ উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী বলেন, সাহিত্যজ্ঞানের সাধনা কখনো সীমাবদ্ধ করা যায় না। সাহিত্যে শেষ বলে কিছু নেই। তাই ব্যাকরণের মতো গদ্যে পূর্ণ নম্বর পাওয়া যায় না। রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ারের প্রশ্ন, ‘রেডিওতে উপস্থাপক বা জকিরা বাংলা ও ইংরেজি মিলিয়ে কথা বলেন। এটি কি ভাষার অবক্ষয়, নাকি উন্নতি?’ এই প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর বলেন, এটি একটি আত্মঘাতী প্রবণতা। এফএম রেডিওতে যেভাবে ভাষা উপস্থাপন করা হচ্ছে, তা একটি অবক্ষয়। উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অন্তরা মঞ্জুর প্রশ্ন, ‘প্রথম আলোর এই অনুষ্ঠানের নাম ভাষা প্রতিযোগ কেন? প্রতিযোগিতা নয় কেন?’জবাবে রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, প্রতি একটি উপসর্গ। ভাষা প্রতিযোগ কিন্তু প্রতিযোগিতা নয়। এটি ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপন।শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের আরও জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক।প্রশ্নোত্তর পর্ব শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে স্বাধীন দেশে জন্ম নিয়েছ। আমরা পরাধীন দেশে জন্মগ্রহণ করেছিলাম।’ শিক্ষাবিদ হায়াৎ মামুদ অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, ভাষা প্রতিযোগ পর্ষদ ২০১১-এর সমন্বয়কারী জাফর আহমদ প্রমুখ। প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু অনুষ্ঠান সঞ্চালনা করেন।