আরও ভালো না হওয়ার আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটাও সেঞ্চুরি নেই, ফিফটি মাত্র দুটি। তার পরও যখন দিন শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩৩০ রান, তৃপ্তির চেয়ে আরও ভালো না হওয়ার অতৃপ্তিটাই বড় হয়ে ওঠে। তামিম ইকবালের ৮৫ রান যদি সেঞ্চুরিতে অনূদিত হতো! মাহমুদউল্লাহ আর সাকিব আল হাসান যদি ৭০-৮০ করেও করতেন...! কী হতো তবে?এই ‘কী’-এর উত্তর এখন আর খুঁজে লাভ নেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে একটা সাধারণ অনুভূতিই সবার মনে—ভালো, তবে আরও ভালো হতে পারত।তামিম ইকবালের ৮৫ রানের ইনিংসটার কথাই ধরুন। স্টুয়ার্ট ব্রডের করা ইনিংসের প্রথম বলেই থার্ডম্যান দিয়ে চার। শুরু থেকেই তামিম যেন অসম্ভব কোনো আস্কিং রেটের পেছনে ছোটা ব্যাটিং-দানব! টিম ব্রেসনানের করা দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেও দুই বাউন্ডারি—যেন এটা রুদ্ধশ্বাস কোনো টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ। খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে ম্যাচ জেতানোর চ্যালেঞ্জ সামনে। একে ধরেন তো ওকে মারেন। ব্রডের বলে ব্যক্তিগত ৩৫ রানে কুকের হাত থেকে জীবন ফিরে পেলেও সংবিত ফেরে না তামিমের। ইনিংসের ১২তম ওভারে গ্রায়েম সোয়ানকে পর পর তিন বাউন্ডারি মেরে ৩৪ বলেই ফিফটি। পরের বলে মিডঅন দিয়ে উড়িয়ে মারা ছক্কায় ওই ওভারে এল ২০ রান। ২৩তম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরার সময় দলের রানরেট ৫.৪১। কী আশ্চর্য, টেস্ট ক্রিকেটে তামিমের এই মারকাটারি ব্যাটিং দেখে কেউই সমালোচনামুখর নয়! স্বাধীনচেতা ব্যাটিংয়ের স্বাধীনতা যেন অলিখিতভাবে পেয়েই গেছেন এই বাঁহাতি ওপেনার! সিরিজ কাভার করতে আসা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর সম্পাদক শিল্ড বেরিরও মনে হলো, ‘ঠিকই আছে ওর ব্যাটিং। অনেকটা হেইডেনের মতো...।’বাস্তবতা হলো এখনো ম্যাথু হেইডেন হয়ে ওঠা হয়নি তামিমের। সে কারণেই ২১তম জন্মদিনে সেঞ্চুরি না পাওয়ার হতাশা দিয়ে শেষ হয় ৮৫ রানের ইনিংসটা। তাত্ক্ষণিকভাবে অবশ্য আউট হওয়ার ধরনটাই বেশি হতাশার ছিল তামিমের জন্য। কট বিহাইন্ড হওয়ার আগে সুইপ করতে গিয়ে বলটা আদৌ তাঁর ব্যাটে লেগেছে কি না, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু আম্পায়ার আউটই মনে করলেন এবং তাঁর সিদ্ধান্ত অভিষেক টেস্ট খেলতে নামা ইংলিশ অফ স্পিনার জেমস ট্রেডওয়েলকে ভাসাল টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট পাওয়ার আনন্দে।প্রথম ঘণ্টায়ই ১ উইকেটে ৯৫ রান, দলের প্রথম ১০০ রান চলে আসা ১৪.৩ ওভারে কিংবা লাঞ্চের আগেই স্কোরবোর্ডে ১ উইকেটে ১৩৯ রান (সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৬ সালে ফতুল্লায় ১৪৪/১)—দিনের প্রথম অর্ধেকে বাংলাদেশের ব্যাটিং এই ছবি আঁকল তামিমের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই। আরও ভালো না হওয়ার অতৃপ্তি সবখানেই মিশে থাকলেও দিন শেষে স্কোরবোর্ডকে উজ্জ্বল চেহারা দেওয়ার কৃতিত্ব আছে অন্যদেরও। সন্দেহের উদ্রেক করা এক এলবিডব্লুর বলি হয়ে অভিষেক টেস্টে জহুরুল ইসলাম শূন্যতে ফিরলেও চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান জুনায়েদ সিদ্দিক দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে গড়েছেন ৬৬ রানের জুটি, পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ-সাকিব মিলে যোগ করেছেন আরও ৫৯ রান। অবশ্য তামিমের মতো মাহমুদউল্লাহ আর সাকিবের ব্যাটেও পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনার যুগপত্ অবস্থান। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়ে কোচ জেমি সিডন্সের আগের দিন বলা কথাটা অক্ষরে অক্ষরে ফলালেন দুজনে। ফিনের বলে কলিংউডের হাতে ক্যাচ দেওয়ার আগে মাহমুদউল্লাহ তবু ক্যারিয়ারের চতুর্থ ফিফটা পূর্ণ করেছেন, ট্রেডওয়েলের বলে এলবিডব্লু হয়ে সাকিব তো থেমে গেলেন ফিফটির ১ রান আগেই! ব্যক্তিগত ৫ রানের সময় সিলি পয়েন্টে কুকের হাতে জীবন ফিরে পেয়েছিলেন মাহমুদউল্লাহ, ৩০ রান করে ড্রেসিংরুমে ফেরা মুশফিকুর রহিমও ২৯ রানের মাথায় বেঁচে গেছেন ম্যাট প্রিয়রের হাত থেকে। এসব ঘটনা সুযোগ কাজে না লাগানোর আফসোসটাকেই বড় করে আরও।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কালকের দিনটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তারপরও একটা জায়গায় উজ্জ্বল। টেস্টের প্রথম দিনে ৩৩০ রান যে এর আগে একবারই করেছেই বাংলাদেশের ব্যাটসম্যানরা! ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টে বাংলাদেশের প্রথম দিনের রানটা ছিল ৫ উইকেটে ৩৫৫। সেবার অবশ্য প্রথম ইনিংসে ৪২৭ রান এসেছিল, এবারও সে রকম কিছু হলে অবশ্যই তা বাড়তি পাওয়া হবে। কাল দিন শেষে উইকেটে থাকা নাঈম ইসলাম ও শফিউল ইসলামের পর আর যে কেবল রুবেল হোসেনই বাকি আছেন ব্যাট করার! প্রথম ইনিংসের রানটাকে তবু ৩৭০-৮০ পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য।তবে তাতেও আরও ভালো না হওয়ার আফসোসটা থেকেই যাবে।