আরও মেয়ের সর্বনাশ করেছিলেন মাহাবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুব ছয় মাস আগেও একবার হেনার শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন হেনার পরিবার মামলা করার উদ্যোগ নিলে আত্মীয়-প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দেন। তাঁর বিরুদ্ধে এলাকায় আরও একটি মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আছে। তখন গ্রামবাসী তাঁকে জুতাপেটাও করেন বলে জানা গেছে। মাহাবুব তাঁর স্ত্রীকেও বিয়ের আগে শ্লীলতাহানি করেন। তখন এলাকাবাসী তাঁদের বিয়ে পড়িয়ে দেন।বাড়ির লোকজন জানান, মাহাবুব গত রোববার দুপুরে ঢাকা থেকে গ্রামে আসেন। ওই রাতেই হেনাকে ধর্ষণ করেন। পরের দিন সমাজপতিরা হেনাকে দোররা মারেন। পরে হাসপাতালে সে মারা যায়।প্রতিবেশী শাহাদাত প্রথম আলোকে বলেন, মাহাবুবের বিরুদ্ধে অনেক আগে থেকেই নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল। একধিকবার তাঁর কারণে গ্রামে বিচার বসেছে। তাঁকে শাস্তিও দেওয়া হয়েছে। তাঁর স্ত্রীকেও (হেনা হত্যা মামলায় গ্রেপ্তার) বিয়ের আগে শ্লীলতাহানি করেছিলেন। তখন এলাকার মানুষ মাহাবুবকে তাঁর সঙ্গে বিয়ে দিয়ে দেন।প্রতিবেশী কবির মীর বলেন, মাহাবুব এলাকায় দুশ্চরিত্রের লোক হিসেবে পরিচিত।আজ বৃহস্পতিবার বাড়িতে গিয়ে দেখা যায়, মাহাবুরের ঘর তালা বন্ধ। তাঁর পরিবারের সদস্যরা হেনা মারা যাওয়ার পর পালিয়ে গেছে।মাহাবুব ও অভিযুক্ত ফতোয়াবাজদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।জিজ্ঞাসাবাদ: হেনা হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হেনার গ্রাম্য বিচারে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।জরুরি সভা: হেনার মৃত্যুর ঘটনায় নড়িয়া উপজেলা প্রশাসন জরুরি আইনশৃঙ্খলা সভা করেছে। আজ বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভায় উপস্থিত ছিলেন শরীতপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন, পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান। সভায় সিদ্ধান্ত হয় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চালানো হবে। বৈঠকে এ বিষয়ে নেওয়ার ভূমিকার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানানো হয়।পুলিশ সুপার শহিদুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামিরা জিজ্ঞাসাবাদে ফতোয়া জারি করা এবং হেনাকে দোররা মারার কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে দুজনকে আজ আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। পলাতক আসামিদের ধরার জন্য প্রতি উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য সভা থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।হেনার পরিবারের করুণ হাল: হেনার বাবা দরবেশ খাঁ প্রথম আলোকে বলেন, ‘মেয়ের মৃত্যু শোকে হাত-পা চলে না। কাজে যেতে পারি না। ঘরে খাবার নেই। সুদের ওপর টাকা নিয়ে মেয়েরে দাফন করেছি। এখন কীভাবে সংসার চালাব, ঋণের টাকা শোধ করব, এ দুশ্চিন্তায় আছি।’জানা গেছে, মেয়েকে হাসপাতালে নেওয়া, ময়নাতদন্ত করানোসহ দাফন পর্যন্ত কৃষিশ্রমিক দরবেশ খাঁর ২০ হাজার টাকা খরচ হয়েছে। এই পুরো টাকাই এলাকার এক ব্যক্তির কাছ থেকে উচ্চ সুদে ঋণ হিসেবে নিয়েছেন। দরবেশ খাঁর স্বজনেরাও দরিদ্র। তাই তারাও তেমন আর্থিক সহায়তা করতে পারছে না। প্রতিবেশীরা গত দুই দিনের রান্নার করার জন্য কিছু চাল, ডাল দিয়েছে। এভাবেই তাদের দিন চলছে।হেনার পরিবারের পাশে: গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ আজ রাতে নিহত হেনার বাড়িতে যান। তিনি হেনার পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। রাতে শহরে ফিরে গণমাধ্যম, মানবাধিকার ও এনজিও কর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, দোররার আঘাতে হেনার মৃত্যুর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একশ্রেণীর ধর্মান্ধ ব্যক্তি সমাজে নারীদের নানাভাবে নির্যাতিত করছে। বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনসহ সবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। হেনার ঘটনাটি পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। তিনি বলেন, ‘বিবেকের দংশনে নিভৃত এই পল্লিতে হেনার পরিবারের পাশে ছুটে এসেছি।’