আরও মেয়ের সর্বনাশ করেছিলেন মাহাবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুব ছয় মাস আগেও একবার হেনার শ্লীলতাহানির চেষ্টা চালান। তখন হেনার পরিবার মামলা করার উদ্যোগ নিলে আত্মীয় ও প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দেন। তাঁর বিরুদ্ধে এলাকায় আরও একটি মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আছে। তখন গ্রামবাসী তাঁকে জুতাপেটা করেন বলেও জানা গেছে। মাহাবুব তাঁর স্ত্রীকেও বিয়ের আগে শ্লীলতাহানি করেন। তখন এলাকাবাসী তাঁদের বিয়ে পড়িয়ে দেন।এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ বছর প্রবাসে থেকে ২০০৯ সালের নভেম্বর মাসে দেশে আসেন মাহাবুব। কিছুদিন গ্রামে থাকার পর ঢাকার একটি পরিবহন কোম্পানিতে তিনি সুপারভাইজারের চাকরি নেন। তবে প্রতি মাসে তিনি এলাকায় আসতেন।বাড়ির লোকজন জানান, মাহাবুব গত রোববার দুপুরে ঢাকা থেকে গ্রামে আসেন। ওই রাতেই তিনি হেনাকে ধর্ষণ করেন। পরদিন সমাজপতিরা হেনাকে দোররা মারেন এবং পরে হাসপাতালে তিনি মারা যান।প্রতিবেশী শাহাদাত প্রথম আলোকে বলেন, মাহাবুবের বিরুদ্ধে অনেক আগে থেকেই নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল। একাধিকবার তাঁর কারণে গ্রামে বিচার বসেছে। তাঁকে শাস্তিও দেওয়া হয়েছে। স্ত্রীকেও (হেনা হত্যা মামলায় গ্রেপ্তার) বিয়ের আগে শ্লীলতাহানি করেছিলেন মাহাবুব। তখন এলাকার মানুষ তাঁদের বিয়ে পড়িয়ে দেন।মাহাবুবের আত্মীয় শাহাদৎ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘গত জুলাই মাসে একবার হেনার শ্লীলতাহানির চেষ্টা চালায় মাহাবুব। তখন আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে দেই। শর্ত ছিল, হেনার বিয়ের সময় ৭৫ হাজার টাকা দিবে সে। কিন্তু সে এমন একটা ঘটনা ঘটাবে, আমরা বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি, তখনই তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল।’ চামটা গ্রামের হাশেম কোতোয়াল বলেন, ‘মাহাবুব স্ত্রীকে (বিয়ের আগে) পাশবিক অত্যাচার করলে আমরা তাদের বিয়ে পড়িয়ে দেই। হেনার সঙ্গে সে যে আচরণটা করেছে, তার জন্য পুরো গ্রামের মানুষ তাকে ঘৃণা করে। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’একই তথ্য দিয়ে গ্রামের চুন্নু মিয়া আরও বলেন, তিনি কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে এলাকার একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। তখন গ্রামবাসী তাঁকে জুতাপেটা করেন।মাহাবুবের প্রতিবেশী মতিন মৈয়াল বলেন, ‘মাহাবুবের এ ধরনের আচরণ পরিত্যাগ করার জন্য আমরা অনেকবার তাকে ও তার পরিবারকে সতর্ক করেছি। তার পরও সে ওই পথ থেকে ফিরে আসেনি।’ প্রতিবেশী কবির মীর বলেন, মাহাবুব এলাকায় দুশ্চরিত্রের লোক হিসেবে পরিচিত।চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘মাহাবুবের নারী নির্যাতনের কোনো ঘটনার বিচার আমার কাছে আসেনি। তবে মাহাবুব সম্পর্কে অনেক অভিযোগ লোকমুখে শুনেছি।’ গতকাল বৃহস্পতিবার বাড়িতে গিয়ে দেখা যায়, মাহাবুবের ঘরে তালা মারা। তাঁর পরিবারের সদস্যরা হেনা মারা যাওয়ার পর পালিয়ে গেছে।মাহাবুবের ১০ বছরের একটি ছেলে এবং আট ও সাত বছর বয়সের দুটি মেয়ে আছে। মাহাবুবের দুই ভাই মালয়েশিয়ায় থাকেন। হেনার মৃত্যুর পর গ্রামে পুলিশ এলে মাহাবুবের বাবা-মা তাঁর ছেলেমেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মঙ্গলবার পালানোর সময় পুলিশ মাহাবুবের স্ত্রীকে আটক করে। ঘটনার রাতে তিনি হেনাকে মেরেছেন। বুধবার রাতে মাহাবুবের শ্বশুরবাড়ির আত্মীয়রা তাঁর ঘরের জিনিসপত্র ও গরু-ছাগল সরিয়ে নিয়ে যায়। মাহাবুব ও অভিযুক্ত ফতোয়াবাজদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।জিজ্ঞাসাবাদ: হেনা হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হেনার গ্রাম্য বিচারে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।জরুরি সভা: হেনার মৃত্যুর ঘটনায় নড়িয়া উপজেলা প্রশাসন জরুরি আইনশৃঙ্খলা সভা করেছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভায় উপস্থিত ছিলেন শরীতপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন, পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান। সভায় সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে। বৈঠকে এ বিষয়ে নেওয়া ভূমিকার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানানো হয়। হেনার পরিবারের করুণ হাল: পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের পাশ দিয়ে দুই কিলোমিটার পায়ে হেঁটে হেনাদের বাড়ি। গতকাল দুপুরে ধানখেত, মেঠোপথ, দুটি বাঁশের সাঁকো পেরিয়ে সেই বাড়িতে পৌঁছাতে হলো। হেনার মৃত্যুশোকে কাতর পরিবারটি। এরই মধ্যে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের কর্মীরা আসছেন বাড়িতে। হেনার বাবা দরবেশ খাঁ প্রথম আলোকে বলেন, ‘মেয়ের মৃত্যুশোকে হাত-পা চলে না। কাজে যেতে পারি না। ঘরে খাবার নেই। সুদের ওপর টাকা নিয়ে মেয়েরে দাফন করেছি। এখন কীভাবে সংসার চালাব, ঋণের টাকা শোধ করব, সেই দুশ্চিন্তায় আছি।’জানা গেল, মেয়েকে হাসপাতালে নেওয়া, ময়নাতদন্ত করানোসহ দাফন পর্যন্ত কৃষিশ্রমিক দরবেশ খাঁর ২০ হাজার টাকা খরচ হয়েছে। এই পুরো টাকাই এলাকার এক ব্যক্তির কাছ থেকে উচ্চ সুদে ঋণ হিসেবে নিয়েছেন তিনি। দরবেশ খাঁর স্বজনেরাও দরিদ্র। তাই তাঁরাও তেমন আর্থিক সহায়তা করতে পারছেন না। পতিবেশীরা গত দুই দিনের রান্নার জন্য কিছু চাল, ডাল দিয়েছেন। এভাবেই তাঁদের দিন চলছে।হেনার পরিবারের পাশে: গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ গতকাল রাতে নিহত হেনার বাড়িতে যান। তিনি হেনার পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। রাতে শহরে ফিরে গণমাধ্যম, মানবাধিকার ও এনজিও-কর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, দোররার আঘাতে হেনার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একশ্রেণীর ধর্মান্ধ ব্যক্তি সমাজে নারীদের নানাভাবে নির্যাতন করছে। বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনসহ সবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। হেনার ঘটনাটি পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। তিনি বলেন, ‘বিবেকের দংশনে নিভৃত এই পল্লিতে হেনার পরিবারের পাশে ছুটে এসেছি।’