আরও শতাধিক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে
আরও শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাদ পড়তে পারে, এমন বিবেচনায় এগুলো আগে থেকেই হাতে রাখা হয়েছিল।এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নিয়ে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নানা সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে কষ্ট পেয়েছেন। বিষয়টি নিয়ে আমিও বিব্রত।’ তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধ বিবেচনা করতে হয়েছে।শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এমপিওভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে মন্ত্রীর নিজেরও যদি কোনো ভুল হয়, তারও শাস্তি হবে।মন্ত্রিসভার বৈঠকে বিএনপির নেতা আসাদুল হাবিবের প্রতিষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাসেম কলেজের এমপিওভুক্তি নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ওই কলেজের এমপিওভুক্তির জন্য অনানুষ্ঠানিক পত্র (ডিও লেটার) দেন। তিনি শুধু এই একটি প্রতিষ্ঠানের জন্যই চাহিদাপত্র পাঠান। এর ভিত্তিতেই কলেজটিকে এমপিওভুক্ত করা হয়। তবে প্রতিষ্ঠানটির পরিচয় আগে জানলে এমপিও দেওয়া হতো না।পটুয়াখালীর ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এমপিওভুক্তির ব্যাপারে আপত্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কলেজটির পরীক্ষার ফলাফল ভালো। এ ছাড়া এটি এমপিওভুক্ত করার জন্য ডেপুটি স্পিকার অনানুষ্ঠানিক পত্র দিয়েছিলেন।