আরও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আরও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নিয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নানা সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী আজ মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে কষ্ট পেয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী নিজেও কষ্ট পেয়েছেন বলে জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় বিশিষ্ট ব্যক্তিদের নির্দেশ বিবেচনা করতে হয়।শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এমপিওভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রিসভার বৈঠকে বিএনপির নেতা আসাদুল হাবিবের প্রতিষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাসেম কলেজের এমপিওভুক্তি নিয়ে হইচই হয়েছে—পত্রপত্রিকায় প্রকাশিত এমন সংবাদ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ওই কলেজের এমপিওভুক্তির জন্য চাহিদাপত্র (ডিও লেটার) দেন। এর ভিত্তিতেই কলেজটিকে এমপিওভুক্ত করা হয়।পটুয়াখালীর ধানখালী টেকনিক্যাল বি এম স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্তির ব্যাপারে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আপত্তি তুলেছেন বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় তাদের ফলাফল ভালো। এ ছাড়া এটি এমপিওভুক্ত করার জন্য ডেপুটি স্পিকার চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছিলেন।