আরও সক্রিয় ভূমিকা নিতে সরকারের প্রতি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া ছাড়তে উন্মুখ কয়েক হাজার বাংলাদেশির প্রতিবেশী মিসর ও তিউনিসিয়ায় প্রবেশ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঝুঁকির মুখে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে সরকার এখন পর্যন্ত আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করছে। আর সীমান্ত অতিক্রম করে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছে মিসর ও তিউনিসিয়া সরকারকে। উন্নত দেশসহ কিছু কিছু দেশ জরুরি ব্যবস্থা নিয়ে তাদের অনেক নাগরিককেই এরই মধ্যে নিরাপদে ফিরিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে সরকার আরও সক্রিয় ভূমিকা না নিলে সহিংসতাপীড়িত লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা ঝুঁকিমুক্ত হতে পারছেন না। উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন স্থানে আটকে পড়া লোকজন প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের সরিয়ে নিতে সরকার এ পর্যন্ত সরাসরি কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। গত বুধবার রাত থেকে মিসর সীমান্তে অপেক্ষমাণ প্রায় ৪৫০ জন বাংলাদেশি এখনো সে দেশে প্রবেশের অনুমতি পাননি। আর মামুরা থেকে তিউনিসিয়ায় যাওয়ার জন্য অপেক্ষমাণ প্রায় তিন হাজার বাংলাদেশি নিশ্চিত নন, তাঁরা শেষ পর্যন্ত আদৌ লিবিয়া ছাড়তে পারবেন কি না। কারণ, দক্ষিণ কোরীয় কোম্পানির মালিকপক্ষ তাঁদের তিউনিসিয়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে আগ্রহী নয়। প্রসঙ্গত, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের কোনো রকম কাগজপত্র ছাড়াই মিসর ও তিউনিসিয়ায় প্রবেশের অনুমতি দিতে দেশ দুটিকে গত বৃহস্পতিবার ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ সংকটের মুহূর্তে অনেক বাংলাদেশির হাতেই পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত অন্য কোনো কাগজপত্র নেই। তাই তাঁরা বাংলাদেশি এটা বুঝেই যেন মিসর ও তিউনিসিয়ার অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের সীমান্ত পেরুনোর অনুমতি দেয়, এ অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের সাতটি দেশের প্রায় ৫০ হাজার নাগরিককে লিবিয়া থেকে সরিয়ে নিতে দাতাদের কাছে প্রাথমিকভাবে ১১ মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গতকাল শুক্রবার আইওএম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশি শ্রমিকেরা খাদ্যসংকটে পড়েছেন।রাজধানী ত্রিপোলি থেকে দেড় শ কিলোমিটার দূরে মামুরায় একটি শিবিরে রয়েছেন প্রায় তিন হাজার বাংলাদেশি। তাঁরা সবাই দক্ষিণ কোরীয় নির্মাণ প্রতিষ্ঠান শিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনে কর্মরত। তাঁদের অন্যতম প্রকৌশলী নাহিদ পারভেজ গতকাল শুক্রবার ভোরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কথা অনুযায়ী তিউনিসিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমাদের জানানো হয়েছে, তিউনিসিয়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ নিতে রাজি নয়। এদিকে আমাদের সীমান্ত পর্যন্ত নিয়ে যেতে লিবিয়ার যেসব বাস ভাড়া করা হয়েছিল, তারা শেষ পর্যন্ত যেতে রাজি হচ্ছে না। এমন অবস্থায় বাংলাদেশ সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, আমাদের লিবিয়া ছাড়া হবে না।’ ওই প্রতিষ্ঠানের অন্য এক কর্মী আলাউদ্দিন ইসলাম দুপুরে ই-মেইলে জানান, শিনহানের ওই শিবিরে অবস্থান নেওয়া দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের প্রায় ৯০ জন লিবিয়া ছেড়ে যাচ্ছেন। এমন অবস্থায় বাংলাদেশিরা তিউনিসিয়া সীমান্ত পর্যন্ত যেতে পারবেন কি না, এ নিয়ে তাঁরা শঙ্কিত। এদিকে গত বুধবার রাতে মিসর সীমান্তে আটকে পড়া প্রণব চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো মিসরে প্রবেশ করতে পারিনি। শুনেছি, পাসপোর্ট ছাড়াই আমাদের মিসরে প্রবেশের অনুমতি দিতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো আমরা লিবিয়া অংশে রয়েছি। কয়েক ঘণ্টা আগে মিসর সেনাবাহিনীর কিছু সদস্য আমাদের পানি ও শুকনো খাবার দিয়ে গেছেন।’ত্রিপোলির একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ৩০০ বাংলাদেশি পাঁচ দিন ধরে ওই প্রতিষ্ঠানে অবরুদ্ধ আছেন। তাঁদের একজন ফেরদৌস মুন্সির বরাত দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তাঁর বাবা এ প্রতিবেদককে বলেন, ‘ওরা কয়েক দিন ধরে আটকে পড়েছে। মালিকপক্ষ পাঁচ দিন ধরে খাবার সরবরাহ বন্ধ রেখেছে। ফলে তাদের অভুক্ত অবস্থায় দিন কাটাতে হচ্ছে।’ লিবিয়ার এক নাগরিকের মালিকানাধীন চীনা রেস্তোরাঁর কর্মী মাহমুদুল হক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ ধরে কর্মস্থলের পাশে আমরা ৩০ জন বাংলাদেশি অবরুদ্ধ আছি। আট দিন আগে রেস্তোরাঁ বন্ধের আগে মালিক আমাদের খাবার ও টাকা পাঠানোর কথা বলে বিদায় নেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। তিন দিন ধরে আমাদের খাবার ও টাকা প্রায় ফুরিয়ে গেছে। আগামী দু-এক দিনের মধ্যে এর কোনো সুরাহা না হলে আমাদের না খেয়ে মরতে হবে।’ এ ছাড়া লিবিয়ার সুরাদ শহরে অবস্থিত ডি এক্স নামের একটি কোম্পানির ব্যারাকে থাকা ৪০০ বাংলাদেশি শ্রমিক খাদ্যসংকটে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই কোম্পানির মালিকপক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকেরা। আইওএমের উদ্যোগ: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বাংলাদেশিদের অস্থায়ীভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সম্ভব হলে তাঁদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির, খাবার ও পানি সরবরাহ করতেও সরকার আইওএমকে অনুরোধ জানিয়েছে। মিসর সীমান্তে ৭৫০ জন বাংলাদেশি আটকে আছেন বলে আইওএমের কাছে খবর আছে। সংস্থাটি তাঁদের সহায়তা করার চেষ্টা করছে।দুই এশীয় দেশের উদ্যোগ: ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো একুইনো গতকাল ঘোষণা দিয়েছেন, তাঁর দেশের প্রায় ১৩ হাজার নাগরিককে বিমান ও জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে। লিবিয়ায় প্রায় ৩০ হাজার ফিলিপাইনি কাজ করছেন। থাইল্যান্ডের কর্তৃপক্ষ শুক্রবার রাতের মধ্যে সে দেশের প্রায় দুই হাজার নাগরিককে জাহাজে করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের কথা বলেছিল। আটকে পড়া ২৩ হাজার থাই নাগরিক খাবার ও পানির সংকটে ভুগছেন। এ খবর পেয়ে স্বজনেরা থাইল্যান্ডে স্থানীয় নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছেন।