আরও সন্ত্রাসী হামলা মোকাবিলায় ভারতকে প্রস্তুত থাকতে হবে: প্রতিরক্ষামন্ত্রী
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন করে আরও সন্ত্রাসী হামলার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে। তবে এমন হামলা রুখতে দেশের সেনাবাহিনী যথেষ্ট শক্তি রাখে। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, নয়াদিল্লিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কে অ্যান্টনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, গত দুই মাস কাশ্মীরে শত্রুর অনুপ্রবেশের অপচেষ্টা বেড়েছে এবং সন্ত্রাসী হামলার সংখ্যাও বেড়েছে। আর এটা বাড়তে থাকবে, কারণ শত্রুরা এখন দেখছে, কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভারতীয় সেনাসদস্যরা এমন হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর স্থানীয় পুলিশদের ওপর শান্তিশৃঙ্খলা রক্ষায় বাড়তি দায়িত্ব দেওয়া হবে। জানুয়ারির শুরুর দিকে এ কে অ্যান্টনি কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দেখতে যান।গত বছর ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ৩০ হাজার সেনাসদস্য প্রত্যাহার করে।