আরও সাত মামলায় ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুধাপের কথিত বিপণন (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর প্রতিষ্ঠাতা মালয়েশিয়ার নাগরিক মগান্দম গ্যাম গ্যাম জেমসসহ ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাত গ্রাহকের করা পৃথক সাতটি মামলায় আসামিদের বিরুদ্ধে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর আদালতের হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই পরোয়ানা জারি করেন। আদালত সূত্র জানায়, ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ এজাহারভুক্ত আসামির সংখ্যা ৬১ জন। একাধিক মামলায় ১২ জনের নাম বারবার আসামি হিসেবে এসেছে। সেই হিসেবে প্রকৃত আসামির সংখ্যা ৩৭ জন। আদালত সূত্র জানায়, ১০ মাসে দ্বিগুণ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছয় কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মালয়েশিয়ার নাগরিকসহ সব আসামির বিরুদ্ধে। একটি মামলায় ৪৫ লাখ ৬০ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউর প্রতিষ্ঠাতা মগান্দম গ্যাম গ্যাম জেমসসহ ২৪ জন আসামি। মগান্দম গ্যাম গ্যাম জেমসের বিরুদ্ধে ৬১ গ্রাহকের পক্ষে এই মামলা করেন নগরের জলসা মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম। চট্টগ্রামের কয়েকটি সেমিনারে ইউনিপেটুইউতে বিনিয়োগ করতে মগান্দম স্থানীয় লোকজনকে প্রলুব্ধ করেন বলে আরজিতে উল্লেখ রয়েছে। শফিকুলের করা মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন ইউনিপেটুইউর চেয়ারম্যান শহিদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন, তিন মহাব্যবস্থাপক জামশেদুর রহমান, সুমন সাহা ও মোহাম্মদ নোমান, উপদেষ্টা মিটু চৌধুরী, আফরোজা সুলতানা স্বপ্না ও সালাহউদ্দিন, পরিচালক মেজর (অব.) মুকিত, এম এ তাহের, মেজর (অব.) জলিল প্রমুখ। আদালত সূত্র জানায়, নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা মো. আলমগীর চার লাখ ২৪ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে আটজনকে আসামি করে গতকাল আরেকটি মামলা করেন। এই মামলার আসামিরা হলেন ইউনিপেটুইউর চট্টগ্রাম অঞ্চলের উপব্যবস্থাপক জসীমউদ্দিন ও আলাউদ্দিন, পরিচালক আবু তাহের ও শাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ। নগরের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকার বাসিন্দা মোহাম্মদ মোর্শেদ আটজনকে আসামি করে আরেকটি মামলা করেন। আরজিতে আসামিরা তাঁর ২১ লাখ ১২ হাজার ১০০ টাকা আত্মসাৎ করেন বলে উল্লেখ করেন। তাঁর করা মামলার আসামিরা হলেন, ইউনিপেটুইউর চট্টগ্রাম অঞ্চলের উপব্যবস্থাপক জসীমউদ্দিন ও আলাউদ্দিন, পরিচালক আবু তাহের ও শাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ। এক লাখ ৬৩ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে সিরাজুর নূর বেগম নামের চান্দগাঁও এলাকার এক গ্রাহক চারজনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা হলেন ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক, মহাব্যবস্থাপক জামশেদুর রহমান ও প্রতিনিধি নজরুল ইসলাম। পাঁচ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১৪ জন বিনিয়োগকারীর পক্ষে গতকাল আরেকটি মামলা করেন চান্দগাঁও এলাকার বাসিন্দা হালিমা বেগম। এই মামলায় সাতজনকে আসামি করা হয়। আসামিরা হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন, মহাব্যবস্থাপক জামশেদুর রহমান প্রমুখ। চান্দগাঁও এলাকার বাসিন্দা রাশেদা বেগম নামের আরেক নারী ২১ লাখ ১২ হাজার ১০০ টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে আসামি করে মামলা করেন। মামলাগুলোর এজাহারে অভিযোগ করা হয়, মুরাদপুরে অবস্থিত রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলায় ইউনিপেটুইউর স্থানীয় কার্যালয়ে এসব টাকা হাতিয়ে নেন আসামিরা। ২০১০ ও ২০১১ সালের বিভিন্ন সময়ে এই লেনদেন হয়। কিন্তু মুনাফার টাকা তো দূরের কথা মূলধনও পাননি গ্রাহকেরা।