আরও সাফল্যের আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর নিয়ে কিছু বলার আগে ছোট পরিসরে পেছনে ফেলে আসা বছরটির দিকে চোখ বুলিয়ে নিই। প্রথমবারের মতো এশিয়ান ট্যুর (ব্রুনাই ওপেন) জিতেছিলাম গত বছর। মালয়েশিয়ায় সিআইএমবি এশিয়া প্যাসিফিক ক্লাসিক টুর্নামেন্টেও ভালো করেছিলাম। বছরটি দেশের গলফের এবং আমার জন্য সাফল্যেরই বলতে হবে।নতুন বছরে পুরোনো সব অর্জনকে ছাড়িয়ে যেতে চাই। কাজটা সহজ হবে না নিশ্চয়ই। এর পরও লক্ষ্য থাকবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। সবকিছু ঠিক থাকলে এ বছর ইউরোপীয়, এশীয় ও ভারতীয় সার্কিটে ৩৫টির মতো টুর্নামেন্ট খেলব। লক্ষ্য, একাধিক শিরোপা জেতা। গত বছরের সাফল্য, বিশেষ করে ব্রুনাই ওপেন জয় আমার স্বপ্নকে গতিশীল করেছে। ‘আমিও জিততে পারি’—এই আত্মবিশ্বাস নিয়ে এখন টুর্নামেন্ট শুরু করতে পারি আমি। আরেকটি বছর শেষেই প্রত্যাশা-প্রাপ্তির হিসাব-নিকাশ মেলানো শুরু হবে। তবে বছরের শুরুতে আমি প্রতিশ্রুতি দিতে চাই, ক্লাব হাতে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।দেশের গলফ নিয়েও আশাবাদী হওয়া যায়। নতুন নতুন গলফার উঠে আসছেন। খেলছেন পেশাদার সার্কিটে। তবে তাঁদের সুযোগ-সুবিধার দিকে নজর দিতে হবে। আমাদের কুর্মিটোলা গলফ ক্লাবের বাইরেও ১২-১৩টি গলফ ক্লাব আছে। তবে সেসব ক্লাবে পর্যাপ্ত এবং আধুনিক সুযোগ-সুবিধা নেই। সুযোগ-সুবিধা বাড়াতে হবে। গলফ খেলার সরঞ্জামের অনেক দাম। চাইলেই যে কেউ ফুটবল খেলতে পারে, কিন্তু শুধু বেশি খরচের কারণেই অনেক শিশু-কিশোর চাইলেই গলফে আসতে পারে না। এ ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন কর্মকর্তারা। সম্ভাবনাময় কিশোর-তরুণদের পথ দেখাতে হবে ক্লাবগুলোকেই। উঠতি গলফারদের স্পন্সর খুঁজে পাওয়া খুবই কঠিন। এ ব্যাপারে ক্লাবের কর্মকর্তারা যদি একটু তৎপর হন, তাহলে তাদের বড় উপকার হয়। গলফের উন্নয়নে সরকারকেও নজর দিতে হবে।অবশ্য আমরা যে সুযোগ-সুবিধা পেয়েছি, এখন তার চেয়ে বেশি সুযোগ-সুবিধা পান গলফাররা। দেশের অন্যান্য গলফ ক্লাবের কথা বলতে পারছি না, কিন্তু কুর্মিটোলা গলফ ক্লাবে আমার সময়ের তুলনায় নতুন গলফাররা অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন এখন। সাফল্যও আসছে গলফে। সাফল্যের কথা বলতে গিয়ে আর পেছনে ফিরে যাচ্ছি না; শুধু এটুকু মনে করিয়ে দিই, গলফ নিয়ে যে এখন পত্রিকায় এক-আধটু লেখালেখি হচ্ছে, এটা সাফল্যেরই ফসল। নতুন বছরেও গলফ খেলার খবরে জায়গা পাবে, এটাই প্রত্যাশা।লেখক: বাংলাদেশের প্রথম পেশাদার গলফার