আরও ১০ জনের লাশ উদ্ধার, ৮ জনই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আইনারগোপ গ্রামের কাছে ঘোড়াউত্রা ও ধলেশ্বরী নদীর বাঁকে ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি গতকাল বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারটি থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে আটজনই শিশু। এর আগে বুধবার সন্ধ্যায় সাদেকুন্নাহার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লাশের সংখ্যা ১১-তে দাঁড়াল। প্রশাসনের হিসাব মতে, আরও ছয়জন নিখোঁজ রয়েছে। এলাকাবাসী জানান, নিখোঁজ লোকের সংখ্যা আরও বেশি হবে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজিতপুরের হুমাইপুর ইউনিয়নের কৈটুপি থেকে শতাধিক যাত্রী ও মালামাল বোঝাই করে বুধবার সকালে একটি ট্রলার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড়ে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টায় ঘোড়াউত্রা ও ধলেশ্বরী নদীর বাঁকে প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় ও সাঁতরে ৭০ জনের মতো যাত্রী তীরে উঠতে সক্ষম হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকায় খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল বিকেল চারটায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন সন্ধ্যায় সাদেকুন্নাহার নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা সোয়া সাতটায় উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ করা হয়। গতকাল সকালে বিআইডব্লিউটিএর পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সাংসদ আফজাল হোসেন, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলমের উপস্থিতিতে সকাল সাড়ে নয়টায় দুই ডুবুরি দল যৌথভাবে তিনটি কার্গোর সাহায্যে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে ৭০ ফুট পানির নিচ থেকে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় ট্রলার থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো আম্বিয়া খাতুন (৪০), তানিয়া (৪), আনোয়ারা বেগম (৩৫), স্বাধীন (আড়াই বছর), দীন ইসলাম (৭), সুমন (৪), শারমীন (৪), তানজিনা (১০), তকদির (৬) ও শাহানা (১২)। প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো যাঁরা নিখোঁজ রয়েছেন তারা হলেন নূরচান বেগম (৩৭), মাফিয়া খাতুন (৮), আ. বারিক (৮০), আজমত আলী (৬২), সানিয়া খাতুন (৩) ও মনোয়ারা (২৬)। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত ও নিখোঁজ যাত্রীদের স্বজনেরা কান্নাকাটি করছেন। তাদের আহাজারিতে নদী তীরের বাতাস ভারী হয়ে উঠেছে। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, উদ্ধার করা লাশগুলো শনাক্ত করে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, প্রতিটি লাশ দাফনের জন্য প্রাথমিকভাবে জেলা প্রশাসকের তহবিল থেকে তিন হাজার টাকা, স্থানীয় সাংসদ পাঁচ হাজার টাকা ও জেলা পরিষদ দুই হাজার টাকা অনুদান দিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের লাশ স্রোতের তোড়ে ঘটনাস্থল থেকে দূরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকেল সোয়া চারটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।