আরও ১০ লাখ নথি ফাঁস করা হবে
আগামী বছর আরও ১০ লাখ গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (৪১)। ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দূতাবাসের ব্যালকনি থেকে জনতার উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অ্যাসাঞ্জ।অ্যাসাঞ্জের বক্তব্য শুনতে গতকাল দুপুর থেকে লন্ডনের নাইটব্রিজ এলাকায় ইকুয়েডর দূতাবাসের সামনে জড়ো হন শতাধিক ভক্ত ও বিভিন্ন দেশের গণমাধ্যমের কর্মীরা। সন্ধ্যায় অ্যাসাঞ্জের প্রতি সমর্থন জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেন তাঁর ভক্তরা।ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যাসাঞ্জ বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন উইকিলিকসের কার্যক্রমকে চলমান অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির নানা কূটনৈতিক তত্পরতার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করার অপরাধে যুক্তরাষ্ট্র আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, কেউ মুক্ত গণমাধ্যমের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সত্য প্রকাশে পিছপা হবে না উইকিলিকস। কথা বলার জন্য আমি সব সময় প্রস্তুত, আমার দ্বার উন্মুক্ত। তবে এ জন্য প্রয়োজন যথাযথ, নিয়মতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ।’অ্যাসাঞ্জ বলেন, ‘আমি জানি, দূতাবাসে আমার অবস্থান ও মতপ্রকাশ দুটোই নিরাপদ। এ জন্য ইকুয়েডর সরকারের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি মোটেও ভীত নই, উইকিলিকসের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কোনো অবকাশও নেই। নতুন বছরে আরও ১০ লাখের বেশি গোপন নথি প্রকাশ করবে উইকিলিকস।’২০১২ সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করে অ্যাসাঞ্জ বলেন, ‘পৃথিবীজুড়ে যেসব সংবাদকর্মী সত্য প্রকাশ করতে গিয়ে হাজতবাস করছেন, তাঁদের আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। মানব সভ্যতার মূল উপাদানই নির্ভীকভাবে সত্যের সরল প্রকাশ।’অ্যাসাঞ্জের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর এক ভক্ত ব্রিটিশ নাগরিক রিইসা নাজেল বলেন, ‘উইকিলিকস সঠিক কাজটিই করছে। তথ্য প্রকাশে যদি কারও আঁতে ঘা লাগে, এ জন্য অ্যাসাঞ্জ দায়ী নন। জানার অধিকার বিশ্বের প্রতিটি মানুষেরই রয়েছে।’ গত বছর ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা করে সুইডেন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে অবস্থানরত অ্যাসাঞ্জকে গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। পরে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। গত ১৯ জুন যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। আর ইকুয়েডর সরকার ১৬ আগস্ট তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাজ্যে প্রচলিত আইন অনুযায়ী অ্যাসাঞ্জ শুধু দূতাবাসের ভেতরই অবস্থান করতে পারবেন। জামিনের শর্ত ভঙ্গ করে দূতাবাস থেকে বের হলে গ্রেপ্তার করা হবে তাঁকে।অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে প্রত্যর্পণ করলে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। উইকিলিকসের মাধ্যমে মার্কিন কূটনীতিকদের গোপন নথি ফাঁসের অভিযোগে তাঁর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে সে দেশে।