আরও ১০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল
হজের নামে সৌদি আরবে লোক পাচার, প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের কারণে আজ বৃহস্পতিবার ১০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।এজেন্সিগুলো হলো—আরএইচ মজুমদার ট্রাভেলস, শাহীন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, লিবার্টি ট্রাভেলস, আরএস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, গুড উইল এভিয়েশন সার্ভিস, জীবন ট্রাভেলস লি., সাদমান এয়ার সার্ভিস, সাদ এয়ার ইন্টারন্যাশনাল, স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং কার্নিভাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল।আজ দুপুরে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া এসব তথ্য জানান। এর আগে ২১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর ৩১৩টি হজ এজেন্সি প্রায় ৯১ হাজার হজযাত্রী পাঠিয়েছে। কিন্তু এর মধ্যে এক হাজার ৭৩৮ জন হজযাত্রী ফেরত আসেননি। পাঠানো হজ যাত্রীর মধ্যে দুই শতাংশের বেশি লোক ফেরত না এলে তা মানব পাচার হিসেবে গণ্য হবে। হজের নামে কাউকে জনশক্তি ব্যবসা করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, সরকার এরই মধ্যে বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬১টি এজেন্সিকে আর্থিক জরিমানা করা হয়েছে। এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিত ও জরিমানা করা হয়েছে ২৯টি হজ এজেন্সিকে। মোট লাইসেন্স বাতিল করা হয়েছে ১৮টির এজেন্সির। আর সতর্ক করা হয়েছে ছয়টি এজেন্সিকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে ১২২টি এজেন্সিকে। মোট অভিযোগ আনা হয়েছিল ২২৮টি এজেন্সির বিরুদ্ধে।