আরও ১০০ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল কেন্দ্র চালু
ঘোড়াশালে আরও ১০০ মেগাওয়াট ক্ষমতার ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এগ্রিকোর নির্মিত এই কেন্দ্রে গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এ নিয়ে বর্তমান সরকারের উদ্যোগে ২৫০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো।এর মধ্যে ২০০ মেগাওয়াটই এসেছে এগ্রিকোর কুইক রেন্টাল কেন্দ্র থেকে। বাকি ৫০ মেগাওয়াট এসেছে ঠাকুরগাঁওয়ের তিন বছর মেয়াদি ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে। এগ্রিকো উৎপাদনের জন্য চুক্তি অনুযায়ী চার মাস (১২০ দিন) সময় পেলেও তিন মাসের মধ্যেই কাজ সম্পন্ন করেছে।এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাজ শুরু হওয়া ১৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমান সরকারের আমলে চালু হয়েছে। এগুলোর মোট উৎপাদনক্ষমতা ৮২৬ মেগাওয়াট। সরকারি সূত্র জানায়, প্রধানত জ্বালানি সমস্যার কারণে কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় উৎপাদনে নেই।এদিকে বর্তমান সরকারের আমলে কার্যাদেশ দেওয়া কয়েকটি কেন্দ্র সময়মতো চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনোটিতে ইতিমধ্যে উৎপাদন শুরুরও কথা ছিল। তবে সূত্রগুলো জানায়, চলতি বছরের মধ্যে (ডিসেম্বর ২০১০) আরও ৫৮৫ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক অন্তত ৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে সাড়ে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এতে লোডশেডিং কমবে।ভেড়ামারা কেন্দ্র পিছিয়ে: ইতিমধ্যে চালু হওয়ার কথা থাকলেও চালু না হওয়া কেন্দ্রগুলোর একটি কুষ্টিয়ার ভেড়ামারায় নির্মাণাধীন ১১০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি। চুক্তি অনুযায়ী গত ৪ জুন এই কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল। সংশ্লিষ্ট কোম্পানি কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে চিঠি দিয়ে পিডিবিকে জানানো হয়, খারাপ আবহাওয়া ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কাজ পিছিয়েছে।চিঠিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজে প্রায় ১০০ জন বিদেশি এবং দেড় শতাধিক স্থানীয় কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী নিয়োজিত। বেশ কয়েকজন সাব কন্ট্রাক্টরও রয়েছেন। কাজ শুরুর পর থেকেই স্থানীয় সন্ত্রাসীরা তাঁদের কাছে টাকা চেয়ে হুমকি দিচ্ছিল। একপর্যায়ে তারা একজন কর্মকর্তাকে অপহরণও করে। এসব কারণে শত চেষ্টা করেও সময়মতো কাজ শেষ করা যায়নি। তাই কোম্পানির ওপর প্রায় ১১ কোটি টাকার জরিমানা ধার্য হয়েছে।চিঠিতে কোয়ান্টামের পক্ষ থেকে পিডিবিকে দেওয়া একটি প্রস্তাবে বলা হয়েছে, ডিজেলচালিত এই কেন্দ্র স্থাপনের জন্য যেসব যন্ত্রপাতি আনা হয়েছে, তাতে সামান্য পরিবর্তন এনে সীমিত খরচে ফার্নেস তেলচালিত কেন্দ্র স্থাপন করা সম্ভব। এটা করতে কোম্পানির কিছু বাড়তি ব্যয় হবে এবং সব কাজ শেষে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রটি চালু করা যাবে। এতে উৎপাদিত বিদ্যুতের দাম অনেক কমবে এবং কেন্দ্রটি থেকে তিন বছর বিদ্যুৎ কিনতে পিডিবির প্রায় এক হাজার ১০০ কোটি টাকা কম খরচ হবে। এই প্রেক্ষাপটে কোয়ান্টাম প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি এবং ইতিমধ্যে তাদের যে জরিমানা হয়েছে তা মওকুফ করার প্রস্তাব দিয়েছে।সরকারি সূত্র জানায়, এ ব্যাপারে পিডিবির মত ইতিবাচক। কারণ কোয়ান্টামের প্রস্তাব গ্রহণ করলে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে বিলম্ব হলেও পিডিবি কম দামে বিদ্যুৎ পাবে। কোম্পানিও জরিমানা থেকে রেহাই পাবে। তবে বিদ্যুৎ মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি।কয়েকটি কেন্দ্র সময়মতো চালু হওয়া অনিশ্চিত: বগুড়ায় ২০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের কার্যাদেশ দেওয়া হয়েছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াট ক্ষমতার তিন বছর মেয়াদি কেন্দ্রটি স্থাপনের কাজও দেওয়া হয় সে সময়। কেন্দ্র দুটির কাজ এখনো শেষ হয়নি। বলা হচ্ছে, ফেঞ্চুগঞ্জের কেন্দ্রটি চলতি মাসে চালু হবে। তবে বগুড়ার কেন্দ্রটি চালুর নির্দিষ্ট দিনক্ষণও সরকারের কাছে নেই। সরকারি ও বেসরকারি সূত্রগুলো জানায়, বরিশালে ৫০ মেগাওয়াটের ভাড়াভিত্তিক কেন্দ্রটিও সময়মতো (ডিসেম্বর ২০১০) চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।এ ছাড়া ফেঞ্চুগঞ্জে প্রায় দুই বছর আগে নির্মাণকাজ শেষ হওয়া ৯০ মেগাওয়াটের কেন্দ্রও চালু হয়নি। পিডিবি ও বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, এগুলো চালু না হলে আগামী সেচ ও গ্রীষ্ম মৌসুমেও বিদ্যুৎ পরিস্থিতি নাজুকই থাকবে।